আজকাল ওয়েবডেস্ক: নির্বাচনে ভরাডুবির পর, মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি। সেদিন যেমন তিনি জানিয়েছিলেন, তিনি ভোটে হারেননি, তাই ইস্তফা দেবেন না। একই সঙ্গে জানিয়েছিলেন, ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা রয়েছেন তাঁর সঙ্গে। এই সময়, জোটবদ্ধ হয়ে, লরাই করার সময়। জানিয়েছিলেন, একদিন পরেই আসবেন অখিলেশ যাদব।
বৃহস্পতিবার মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতে আসেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। গিয়েই যেমন প্রশংসা করেন অভিষেকের কাজের, তেমনই মমতাকে বলেন, 'আপনি হারেননি।' তার পরেই, সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পরপর অভিযোগ করেছেন অখিলেশ যাদব। কখনও অভিযোগ করেছেন, বাংলার ভোটে বিজেপি, নির্বাচন কমিশন, আন্ডার গ্রাউন্ড লোকজন মিলে এই ধরনের ভোট করিয়েছে। অভিযোগ করেন, বাংলায় 'মাল্টি লেয়ার মাফিয়াগিরি' হয়েছে।
অখিলেশ বলেন, 'আগে আমরা বলতাম, যা বাংলায় আজ হয়, দেশে তা পরে হয়। কিন্তু ভোটের বিষয়ে বিজেপি ট্রায়াল দিয়েছে উত্তরপ্রদেশে। ওখান থেকে দেখে, শিখে নিয়ে,বাংলায় ভোট করা হয়েছে।' অখিলেশের অভিযোগ, আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছিল, বাংলায় ভোটে হারাতে হবে। একগুচ্ছ ছবিও দেখান অখিলেশ। ছবি দেখিয়ে অভিযোগ করেন, 'বুলেটের মুখে ভোট করালে কে জিতবে? বুলেটের ভয় দেখিয়ে ভোট হলে কে জিতবে?'
বিজেপিকে সমাজবাদী পার্টির নেতা 'মহিলা-বিরোধী' বলেও কটাক্ষ করেছেন। সাংবাদিকদের মুখোমুখি হওয়ার আগে, কালীঘাটে পৌঁছে, অভিষেকের সঙ্গে সাক্ষাৎ করে অখিলেশ বলেন, 'খুব ভাল লড়াই করেছ।' মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করে বলেন, 'আপনি হারেননি।'















