আজকাল ওয়েবডেস্ক: মন্ত্রী অগ্নিমিত্রা, শুনছেন মানুষের কথা। মানুষের কথা শুনতে, তাঁর কর্মসূচি 'মুখোমুখি'। একাধিক দায়িত্ব সামলে, সপ্তাহে তিনদিন নিয়ম করে, শুনছেন নানা কথা। মঙ্গলে এই কর্মসূচির শেষে ফের একবার সাফ জানিয়ে দিলেন, কেবল সাধারণের সমস্যা শোনা নয়, শেষ কথা মানুষের সমস্যার সমাধানই। একথা যদিও ক্ষমতায় আসার পর থেকে, অগ্নিমিত্রার গলায় শোনা গিয়েছে বারবারে। মঙ্গলে ফের শোনা গেল একই কথা। সঙ্গেই জানালেন নয়া উদ্যোগ প্রসঙ্গেও।
এদিন মুখোমুখি প্রসঙ্গে মন্ত্রী বলেন, 'খুবই ভাল সাড়া। একঘণ্টার মধ্যে যতগুলো ফোন ধরা যায়। আজ ৩২টা ফোন ধরতে পেরেছি। সপ্তাহের তিনদিন করছি।' তবে সপ্তাহে তিনদিন, কেবল নির্দিষ্ট সময় নয় আর। মানুষের পাশে থাকতে এবার নয়া উদ্যোগ। ইঙ্গিত মিলল মঙ্গলবারেই। তাঁকে প্রশ্ন করা হয়, মানুষের বিপুল সাড়ার মাঝেই, তিনি কি এই কর্মসূচির সময় বাড়ানোর পরিকল্পনা করছেন? সেই প্রশ্নের উত্তরেই জানান, 'বাকি কাজ রয়েছে। তাই প্রতিটি কর্পোরেশন, ইউএলবি গুলিতেও একজন করে গ্রিভান্স সেলের দায়িত্বে থাকবেন। সকাল দশটা থেকে ছ'টা গ্রিভান্স সেল খোলা থাকবে।'
তারপরেই আচমকা 'অচিন্ত্যবাবুর' প্রসঙ্গ মন্ত্রীর গলায়। তিনি বলেন, 'একজন অচিন্ত্যবাবু বলে কেউ আছেন হাওড়াতে। অত্যন্ত রূঢ়ভাবে কথা বলেছেন। সেটা আমরা চাই না। ভালভাবে কথা বলতে হবে। নমনীয়তার সঙ্গে কথা বলতে হবে। দশটা থেকে ছ'টা একজন নোডাল অফিসার থাকবেন, যিনি এই গ্রিভান্স সেলের দায়িত্বে থাকবেন। তাতে 'মুখোমুখি'র উপরে অতটা চাপ আসবে না।' একইসঙ্গে অগ্নিমিত্রা বলেন, কেবল সমস্যা শোনা নয়, সেই সমস্যার সমাধান হবে কী করে? নজর থাকবে সেদিকেও।
















