আজকাল ওয়েবডেস্ক: শুধু বইয়ের পাতায় অঙ্ক নয়, বাস্তব জীবনের সঙ্গে অঙ্কের যোগসূত্র তৈরি করতে অভিনব উদ্যোগ নিল পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের ইন্দুটি প্রাথমিক বিদ্যালয়। চতুর্থ শ্রেণির খুদে পড়ুয়াদের নিয়ে শিক্ষক-শিক্ষিকারা পৌঁছে গেলেন মিরেপোতা বাজারে। সেখানেই বাজার করার মধ্যে দিয়ে হাতে-কলমে অঙ্ক শেখানো হলো পড়ুয়াদের।

বাজারে গিয়ে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় কেনাকাটার দায়িত্ব। কেজি প্রতি সবজির দাম কত, নির্দিষ্ট পরিমাণ সবজি কিনতে মোট কত টাকা লাগবে, টাকা দেওয়ার পর কত টাকা ফেরত পাওয়া যাবে- এমন নানা হিসাব নিজেরাই করে শেখে খুদে পড়ুয়ারা। পাশাপাশি কীভাবে দৈনন্দিন খরচের হিসাব রাখতে হয়, সেই বিষয়েও বাস্তব অভিজ্ঞতা অর্জন করে তারা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু ঘোষাল জানান, শুধু বই পড়ে অঙ্ক শেখার পরিবর্তে বাস্তব জীবনে সেই অঙ্ক কীভাবে কাজে লাগে, তা পড়ুয়াদের হাতে-কলমে শেখানোই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। তাঁর কথায়, "পুঁথিগত শিক্ষার বাইরে এসে ব্যবহারিক শিক্ষার মাধ্যমে শেখার অভ্যাস গড়ে তুলতে পারলেই শিক্ষার প্রকৃত সার্থকতা।"

জানা গিয়েছে, শিক্ষকদের তত্ত্বাবধানে বাজার থেকে কেনা সবজিগুলি বিদ্যালয়ের মিড-ডে মিলের রান্নায় ব্যবহার করা হবে। এই কর্মসূচিতে বিদ্যালয়ের অন্যান্য সহশিক্ষকরাও উপস্থিত ছিলেন।

বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণির ছাত্রছাত্রীদের নিয়েও এমন ব্যবহারিক ও আনন্দময় শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করা হবে।

শিক্ষা যে শুধু পরীক্ষার খাতায় সীমাবদ্ধ নয়, বরং দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রেই তার প্রয়োগ রয়েছে- মিরেপোতা বাজারে খুদে পড়ুয়াদের এই অভিনব অঙ্কের ক্লাস সেই বার্তাই তুলে ধরল।