আজকাল ওয়েবডেস্ক: ব্যাংকক থেকে কলকাতায় বিপুল পরিমাণ বিদেশি বিরল প্রজাতির কচ্ছপ পাচারের ছক বানচাল করল কলকাতা বিমানবন্দরের শুল্ক দপ্তর। বুধবার কলকাতা বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৭০৭টি জীবন্ত রেড-ইয়ার্ড স্লাইডার কচ্ছপ।
এই ঘটনায় চেন্নাইয়ের এক যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কাস্টমসের এয়ার ইন্টেলিজেন্স ইউনিট। সূত্রের খবর, ওই যাত্রী ইন্ডিগোর 6E -1058 নম্বর বিমানে ব্যাংকক থেকে কলকাতায় পৌঁছন।
গ্রিন চ্যানেল থেকে বিমানবন্দরের ভিতরে যাওয়ায় সময় সন্দেহের ভিত্তিতে তাঁকে আটক করে তল্লাশি চালানো হয়। তাঁর লাগেজ খুলতেই সামনে আসে চাঞ্চল্যকর দৃশ্য। ব্যাগের ভিতরে লুকিয়ে রাখা ছিল ৭০৭টি জীবন্ত রেড-ইয়ার্ড স্লাইডার (Trachemys scripta elegans) প্রজাতির কচ্ছপ।
এই বিদেশি প্রজাতির কচ্ছপ আমদানি বা রাখার জন্য প্রয়োজনীয় কোনও বৈধ লাইসেন্স দেখাতে পারেননি ওই যাত্রী। ফলে কাস্টমস আইন, ১৯৬২, বন্যপ্রাণী সুরক্ষা আইন, ১৯৭২ এবং আন্তর্জাতিক সাইটস বিধি অনুযায়ী কচ্ছপগুলি বাজেয়াপ্ত করা হয়েছে।
কাস্টমসের দাবি, সাম্প্রতিক সময়ে কলকাতা বিমানবন্দরে একাধিকবার বিরল ও বিদেশি বন্যপ্রাণী, সংরক্ষিত প্রাণীর চামড়া এবং নিষিদ্ধ বন্যপ্রাণীজাত সামগ্রী পাচারের চেষ্টা ধরা পড়েছে।
সেই ধারাবাহিকতায় এই উদ্ধারও বড় সাফল্য বলে মনে করছেন তদন্তকারীরা।তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, উদ্ধার হওয়া কচ্ছপগুলি কলকাতায় কার কাছে পৌঁছনোর কথা ছিল, এর পিছনে কোনও আন্তর্জাতিক পাচারচক্র সক্রিয় কি না এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত। পুরো ঘটনার তদন্ত চলছে।
















