আজকাল ওয়েবডেস্ক : টাকার বদলে প্রশ্নের পর এবার জাতীয় নিরাপত্তায় আপস করার অভিযোগ। মহুয়াকে চাপে ফেলতে নয়া ইস্যু তুলে আনছে বিজেপি। আবার আসরে নেমেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। কেন্দ্রীয় মন্ত্রীকে অবশ্য পালটা দিতে ছাড়েননি মহুয়াও। আসলে মহুয়া এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছেন। তৃণমূল সাংসদ স্বীকার করে নিয়েছেন ব্যবসায়ী দর্শন হীরানন্দানিকে সংসদের ওয়েবসাইটের লগ ইন আইডি তিনি দিয়েছিলেন। তবে তাঁর দাবি, সংসদের রুল বুকে কোথাও লেখা নেই যে সংসদের লগ ইন আইডি অন্য কাউকে দেওয়া যাবে না। অন্য সব সাংসদদের লগ ইন আইডি-ই একাধিক ব্যক্তি ব্যবহার করেন। কিন্তু অনুরাগের দাবি, এভাবে অন্য কাউকে সংসদের লগ ইন আইডি দেওয়াটা জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করা। দ্রুত এই ব্যাপারে যথাযথ তদন্ত হওয়া উচিত। মহুয়ার বিরুদ্ধে মূল অভিযোগ যিনি করেছিলেন, সেই নিশিকান্ত দুবেও ফের এই ইস্যুতে সরব হন। তাঁর দাবি, কাউকে সংসদের লগ ইন আইডি দিয়ে দেওয়া মানে এনআইসির সঙ্গে করা চুক্তিভঙ্গ করা। এবিষয়ে মহুয়ার সাফাই শোনার জন্য সংসদের এথিক্স কমিটি তাকে ৩১ অক্টোবর তলব করেছিল। কিন্তু নিজের ব্যক্তিগত কিছু কারণ দেখিয়ে মহুয়া জানিয়ে দেন তিনি সেদিন যেতে পারবেন না। এরপর ফের ২ নভেম্বর মহুয়াকে ফের একবার তলব করেছে সংসেদর এথিক্স কমিটি।
MAHUA-ANURAG : মহুয়া-অনুরাগ তরজা চরমে
















