মিল্টন সেন, হুগলি: অন ডিউটি পূর্ব রেলের বোর্ড লাগানো গাড়ি করে লরি ছিনতাই, লুঠপাটের চেষ্টা। ঘটনায় তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল গুরাপ থানার পুলিশ। আটক করা হয়েছে একটি টাটা সুমো গাড়িকে। ঘটনাটি ঘটেছে শনিবার ভোর রাতে গুরাপ থানার অন্তর্গত ২৩ নম্বর রুটের তেলেকোনা এলাকায়। কয়লা বোঝাই একটি লরি গুড়াপ থেকে ওই রাস্তা ধরে দশঘরা যাচ্ছিল। তেলেকোনা এলাকায় হঠাৎ রেলের বোর্ড লাগানো একটি লাল রঙের টাটা সুমো গাড়ি লরিটির রাস্তা আটকে দাড়ায়। টাটা সুমো গাড়িতে চালক সহ তিনজন ছিল। তারা লরির চালক বিকাশ কুমারের কাছে গাড়ির কাগজ পত্র দেখতে চায়। পুলিশ নয় অথচ কাগজ পত্র দেখতে চাইছে দেখে সন্দেহ হয় লরি বিকাশের। কাগজ দেখাতে অস্বীকার করায় তাকে মারধর করা হয়। বড় কেসে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে মোটা টাকা দাবি করে। তখন ওই রাস্তা ধরে গুরাপ থানার রাতে পাহারারত পুলিশের গাড়ি আসছিল। ঘটনা দেখে পুলিশ গাড়ি দাঁড়িয়ে পড়ে। বিকাশ পুলিশকে ঘটনা জানাতেই সুমো নিয়ে অভিযুক্তরা পালানোর চেষ্ঠা করে। তাড়া করে কিছুটা দূরেই সুমো গাড়ি সহ তিনজনকে আটক করে পুলিশ। ধৃত তিনজন জয়ন্ত দাস বিশ্বাস(২৯) ওরফে শুভ, বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি, সেখ সইফ আজম(৩১) ওরফে ছোট্ট, বাড়ি পূর্ব মেদিনীপুরের তমলুক এবং সুবাস কর্মকার, বাড়ি বর্ধমানের মেমরি এলাকায়। লরি চালকের অভিযোগের ভিত্তিতে ধৃত তিনজনের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। রবিবার তিনজনকে আদালতে পেশ করা হবে।