আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ দু’‌বছর পর তিহাড় থেকে বাড়ি ফিরে নিজের প্রিয় খাবার পোস্ত বড়া দিয়ে ভাত খেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এতদিন জেলে থাকার পর বাড়ির পরিবেশে ফিরতে পেরে ও পরিবারের হাতে রান্না করা খাবার খেতে পেয়ে তিনি বেশ খুশি। তার স্বাস্থ্যের অবস্থা খুব ভাল না থাকলেও বাড়ির লোকেদের ভালবাসায় তৈরি খাবার তাকে বেশ আনন্দ দিয়েছে। 

অনুব্রত মণ্ডলের ভাই প্রিয়ব্রত মণ্ডল বলেন, ‘‌দাদার শরীরটা ভাল নেই, তবে বাড়িতে রান্না করা খাবার খেয়েছেন। দুপুরে ভাত, মাছ আর পোস্ত বড়া খেয়েছেন।’‌ 

অনুব্রত মণ্ডলের পোস্ত বড়ার প্রতি ভালবাসা সম্পর্কে বীরভূমের সবাই জানে। অতীতে দলীয় কার্যালয়ে আয়োজিত ভোজে তার পছন্দের পোস্ত মেনুতে থাকা বাধ্যতামূলক ছিল। তার ঘনিষ্ঠরা জানিয়েছেন, বাড়িতে থাকাকালীন প্রতিদিন পোস্ত খাওয়া তার রুটিন ছিল। কিন্তু তিহাড়ে বন্দি থাকার সময় তার খাবারের মেনু পুরোপুরি বদলে গিয়েছিল, এবং তার প্রিয় খাবারগুলি আর তার নাগালে ছিল না।

 তবে বাড়ি ফিরতেই প্রথম দিনেই তার প্রিয় পোস্ত বড়া পাতে পড়ল। পরিবারের লোকজনের ভালবাসায় তৈরি সেই খাবার খেয়ে অনুব্রত মণ্ডল যেন একটু স্বস্তি পেলেন। খাওয়ার পর দুপুরে তিনি বেশ কিছুটা সময় বিশ্রাম করেন। 

তবে প্রিয়ব্রত জানিয়েছেন, গত তিন বছর ধরে পুজোয় অনুব্রত না থাকার কারণে তাঁদের মন খারাপ লাগত। যেহেতু তাঁর দাদা ফিরে এসেছেন তাই এবারের পুজোয় সেই ‘‌গুমোট’‌ ভাবটা আর থাকবে না।