আজকাল ওয়েবডেস্ক: দ্বিতীয় হুগলি সেতুতে (বিদ্যাসাগর সেতু) মর্মান্তিক দুর্ঘটনা। মৃত এক ট্রাক চালক। ঘটনায় গুরুতর জখম তিন জন। পুলিশ সূত্রে জানা গেছে, ডিভাইডার ভেঙে অন্য লেনে ঢুকে পর পর তিনটি ট্রাককে ধাক্কা মারে হাওড়ার দিক থেকে কলকাতা যাওয়া নিয়ন্ত্রণ হারানো একটি পণ্যবোঝাই ট্রাক। ধাক্কায় ঘাতক ট্রাকের চালকের মৃত্যু হয়। দুর্ঘটনায় তিন জন গুরুতর আহত হয়েছেন।
দ্বিতীয় হুগলি সেতুতে মোতায়েন থাকা কলকাতা পুলিশের কর্মীরা দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার জেরে এক ঘণ্টারও বেশি হাওড়ামুখী যান চলাচল বন্ধ থাকে। তারপর স্বাভাবিক হয়। অন্য একটি ট্রাকের সঙ্গে রেষারেষির সময়ই ঘাতক ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। কী কারণে দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। চালক মদ্যপ ছিলেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।















