আজকাল ওয়েবডেস্ক:  ভারতে খুব দ্রুত শুরু হতে চলেছে জলের জন্য যুদ্ধ। মাটির তলায় যে হারে জল কমছে তাতে পানীয় জলের আকাল হবে খুব তাড়াতাড়ি। সমীক্ষা থেকে দেখা গিয়েছে ২০২৫ সালের পর থেকেই মাটির তলায় আরও কমবে জলের স্তর। ফলে পানীয় জল নিয়ে যে হাহাকার আগামী দিনে হবে তা গোটা মানবসমাজের পক্ষে অশনি সঙ্কেত।

 

ভারতে প্রতি বছর গরমের তাপমাত্রা বাড়ছে। হিমালয়ের বরফ গলে যাওয়ার হারও দ্রুত বাড়ছে। পাশাপাশি নির্দেশহীনভাবে মাটির নিচ থেকে তোলা হচ্ছে জল। তারফলে ফাঁকা হয়ে যাচ্ছে মাটির স্তর। পানীয় জলের হাহাকার কিন্তু আগামীদিনে অপেক্ষা করে রয়েছে সকলের জন্য। ইতিমধ্যেই সমীক্ষা থেকে দেখা গিয়েছে মাটির নিচে পানীয় জলের পরিমান প্রতি বছর কমছে ২৫ শতাংশ করে। গরমের পর বৃষ্টির জল যে পরিমান মাটির নিচে প্রবেশ করার কথা সেই পরিমান হচ্ছে না। ফলে প্রতিবছরই মাটির তলায় পানীয় জলের পরিমান কমছে।

 

দক্ষিণ ভারতের রাজ্যগুলি সবার প্রথম এই সমস্যার সম্মুখীন হবে। এই তালিকায় রয়েছে বেঙ্গালুরু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু সবথেকে বেশি পানীয় জলের সমস্যায় পড়বে। এখানেই শেষ নয়, ভারতের অন্যতম কৃষিপ্রধান রাজ্য উত্তরপ্রদেশ, পাঞ্জাব, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশেও এর সরাসরি প্রভাব পড়বে আগামী ১০ বছরের মধ্যে। এল নিনোর প্রভাবে দেশের বেশ কয়েকটি অংশে যেখানে প্রচুর বৃষ্টি হয়েছে তেমনি অন্যদিকে মুখ ফিরিয়েছে বৃষ্টি। ফলে মাটির নিচে পানীয় জলের সমস্যা তৈরি হয়েছে। যা আগামীদিনে আরও বেশি ভোগাবে সকলকে।