আজকাল ওয়ে্বডেস্ক: চলতি বছরে আইসিসির হল অফ ফেমে যোগ হল তিন নতুন নাম। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে হল অব ফেমে যুক্ত হলেন ডায়ানা এডুলজি। যোগ করা হয়েছে শ্রীলঙ্কার অরবিন্দ ডি সিলভা এবং ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগের নামও। চলতি ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের দিন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সম্মানিত করা হবে এই তিন কিংবদন্তিকে। ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ের পিছনে অরবিন্দ ডি সিলভার অবদান ছিল অনস্বীকার্য। ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন উইকেট নেওয়ার পর অপরাজিত ১০৭ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন তিনি যা ম্যাচে ফিরতে দেয়নি অজিদের।

১৯ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ৯৩ টেস্ট ম্যাচে ৬৩৬১ রান এবং ৩০৮টি একদিনের ম্যাচে ৯২৮৪ রান করেন তিনি। পাশাপাশি, ভারতের মহিলা ক্রিকেট ইতিহাসের প্রথম সুপারস্টার হলেন এডুলজি। ১৭ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ২০টি টেস্ট ও ৩৪টি একদিনের ম্যাচ খেলেন এই ভারতীয় অলরাউন্ডার। দুটি বিশ্বকাপে নেতৃত্বও দেন ভারতকে। মিডল অর্ডার ব্যাটার হিসেবে কেরিয়ার শুরু করলেও সৌরভ গাঙ্গুলির অধিনায়কত্বে ওপেনারে পরিণত হন বীরেন্দ্র সেহবাগ। তারপর থেকেই বদলে যায় তাঁর কেরিয়ার। ১৪ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ১৭,০০০-র বেশি রান করেছেন বীরু। ভারতের হয়ে ২০১১ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন ডানহাতি এই ওপেনার। প্রথম ভারতীয় হিসেবে দুটি ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন টেস্টে।