আজকাল ওয়েবডেস্ক: ২২টি অবৈধ বেটিং অ্যাপ এবং ওয়েবসাইট ব্লক করার নির্দেশ দিল কেন্দ্রের তথ্য প্রযুক্তি দপ্তর। যে সমস্ত অ্যাপ এবং ওয়েবসাইট ব্লক করা হয়েছে তাদের ওপর বেশ কিছুদিন ধরেই তদন্ত চালাচ্ছিল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গিয়েছে, অবৈধ বেটিং অ্যাপ সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল ইডিকে। সেই রিপোর্ট হাতে পাওয়ার পরেই। এক ঘোষণা করেছে কেন্দ্র। তালিকায় রয়েছে ছত্তিশগড়ের মহাদেব বুক অ্যাপটি। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই বেআইনি কিছু কাজকর্ম চালানো হচ্ছিল এই সংস্থার তরফে।

ইডির সন্দেহ ছিল শুভম সোনি নামে এক ব্যক্তির ওপর। জানা গিয়েছে, মানি লন্ডারিং সংক্রান্ত কেসের জন্য শুভমের ওপর সন্দেহ ছিল ইডির। ওই ব্যক্তি দুবাই গিয়ে সেখান থেকে একটি ভিডিও বানান। সেখানে তিনি বড়সড় অভিযোগ আনেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বিরুদ্ধে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, চাইলেই বেআইনি এই অ্যাপ বন্ধ করে দিতে পারত ছত্তিশগড় সরকার। কিন্তু সেই চেষ্টা করা হয়নি কোনোভাবেই। এমনকি দেড় বছর ধরে তদন্ত চলাকালীনও নয়। কী কারণে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত তা বিস্তারিত ভাবে খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।