আজকাল ওয়েবডেস্ক: আইপিএল শুরুর আগে কলকাতা নাইট রাইডার্স শিবিরকে স্বস্তি দিলেন তরুণ ব্যাটার অঙ্গকৃষ রঘুবংশী।
মেগা টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতি ম্যাচে রঘুবংশী মারকুটে ব্যাটিং করলেন। যা কেকেআরের হেড কোচ অভিষেক নায়ারকে স্বস্তি দেবে। তিন নম্বরে ব্যাট করতে নেমে ৫৫ বলে ১০৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। নটি বাউন্ডারি ও পাঁচটি ছক্কায় সাজানো ছিল অঙ্গকৃষের ইনিংস। তাঁর ইনিংসের সৌজন্যে ১৯.২ ওভারে প্রস্তুতি ম্যাচে জয় ছিনিয়ে নেয় দল।
২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। এবারের দলে ক্যামেরন গ্রিন, ফিন অ্যালেন, রাচীন রবীন্দ্র, টিম সেইফার্টের মতো তারকা রয়েছেন। ফলে টিম ম্যানেজমেন্ট এবং কোচের হাতে অনেক অপশন।
তার আগে কোচকে সেঞ্চুরি করে অঙ্গকৃষ রঘুবংশী দেখিয়ে দিলেন তিনি এবার রণং দেহী মেজাজে ধরা দিতে পারেন আইপিএলে।
গত বার অষ্টম স্থানে শেষ করেছিল কেকেআর। মাত্র পাঁচটা ম্যাচে জিতেছিল নাইটরা।
এর মধ্যেই বড় ধাক্কা কেকেআর শিবিরে। আইপিএলের আগেই আবার বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। হর্ষিত রানার পর আইপিএল থেকে ছিটকে গেলেন আকাশ দীপ। এখনও অনিশ্চিত মথিশা পথিরানা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের থেকে সবুজ সঙ্কেত পাননি। যার বলে জোরে বোলিং নিয়ে বেজায় সমস্যায় পড়ল শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। চোট পেয়ে পুরো আইপিএল থেকেই ছিটকে গেলেন আকাশ দীপ। আনুষ্ঠানিকভাবে এখনও জানানো হয়নি। তবে সূত্রের খবর, পুরো আইপিএলেই পাওয়া যাবে না বাংলার পেসারকে। আবু ধাবিতে শেষ মিনিটের মিনি নিলামে এক কোটিতে আকাশ দীপকে কেনে কেকেআর। দীর্ঘদিন পর বাংলার একজন ক্রিকেটার ছিল নাইটদের দলে। কিন্তু দুর্ভাগ্যবশত, বেগুনি জার্সিতে চেনা ইডেনে খেলা হবে না।
