আজকাল ওয়েবডেস্ক: পারথে চলছে বর্ডার-গাভাসকর ট্রফি। প্রথম ইনিংসে বিরাট কোহলির ব্যাট কথা বলেনি। কিন্তু সিডনির গ্রেগ চ্যাপেল ক্রিকেট সেন্টারে কোহলির সই-সম্বলিত একটি ব্যাট বিক্রির জন্য রয়েছে। তার দাম ২,৯৮৫ অস্ট্রেলিয়ান ডলার। ভারতীয় মুদ্রায় যার  পরিমাণ প্রায় ১ লাখ ৬৪ হাজার টাকা।

অস্ট্রেলিয়ান সাংবাদিক ও ইউটিউবার নরমান কোচানেক সোশ্যাল মিডিয়ায় কোহলির সেই ব্যাট নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন, ''সিডনির গ্রেগ চ্যাপেল ক্রিকেট সেন্টারে বিরাট কোহলির সই করা এমআরএফ ব্যাটটি রয়েছে। এর দাম ২৯৮৫ অস্ট্রেলিয়ান ডলার।

ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১ লাখ ৬৪ হাজার টাকা। ব্যাটের হ্যান্ডেল ছোট, তবে বেশ ভারী। ওজন হতে ২.৯ আউন্সের কাছাকাছি। সঙ্গে রয়েছে কভার।'' 

বিরাট কোহলির ব্যাটে রান নেই। তাঁর ভক্তরা চাইছেন যেভাবে হোক রানে ফিরুন তিনি। পারথ টেস্টের প্রথম ইনিংসে কোহলি শিক্ষানবিশের মতো স্লিপে ক্যাচ দিয়ে আউট হন। পারথের বাইশ গজ অনেকটাই সহজ হয়ে গিয়েছে। ভারতের দুই ওপেনার খুব সহজেই সামলাচ্ছেন অস্ট্রেলিয়ার বোলারদের। দ্বিতীয় ইনিংসে কোহলি কী করেন, সেটাই দেখার।