আজকাল ওয়েবডেস্ক: শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ খেলতে নামবে টিম ইন্ডিয়া। তার আগে আবার আলোচনায় বৈভব সূর্যবংশী। আবারও উঠে আসছে সেই লাখ টাকার প্রশ্ন, এবার কি ভারতের জার্সিতে অভিষেক হবে ১৫ বছরের উঠতি তারকার? আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজের দলে জায়গা পেয়েছিলেন বৈভব। কিন্তু প্রথম একাদশে সুযোগ পাননি। সবে ইংল্যান্ড সিরিজ শুরু হয়েছে। কিন্তু প্রথম ম্যাচে সুযোগ মেলেনি। ফ্যানদের আশা, ইংল্যান্ড সিরিজেই সুযোগ পাবেন বিস্ময় বালক। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব মনে করছেন, টি-২০ ক্রিকেটে শচীন তেন্ডুলকার এবং বিরাট কোহলির মতোই প্রতিভাবান সূর্যবংশী। তবে একদিনের ক্রিকেট এবং টেস্টে নিজেকে প্রমাণ করতে হবে। তবে একইসঙ্গে জানিয়ে রাখলেন, তাঁকে নিয়ে অত্যধিক মাতামাতি করার দরকার নেই। 

কপিল দেব বলেন, 'আমি ওকে খুব বেশি খেলতে দেখিনি। তবে নিঃসন্দেহে ও খুবই প্রতিভাবান। কিন্তু আমার মনে হচ্ছে, ওকে নিয়ে অত্যধিক বাড়াবাড়ি করা হচ্ছে। আপাতত ওকে কিছুটা সময় দেওয়া উচিত। ওকে নিয়ে এত মাতামাতি করার দরকার নেই। বর্তমানে ওর বয়স কম। সবকিছু বোঝার বয়স হয়নি। যদি শুধু প্রতিভার কথা বলা হয়, হ্যাঁ, ও শচীন তেন্ডুলকার এবং বিরাট কোহলির মতোই প্রতিভাবান। সেটা ওর মধ্যে স্পষ্ট দেখা যায়। তবে শুধু টি-২০ ক্রিকেটে। বাকি ফরম্যাটে ওকে নিজেকে প্রমাণ করতে হবে।' বৈভবকে খেলানো নিয়ে চর্চা চলছে। ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক মনে করেন, সূর্যবংশী তৈরি থাকলে, তাঁকে সুযোগ দেওয়া উচিত। 

এই প্রসঙ্গে কপিল বলেন, 'ও টি-২০ ক্রিকেটে অসাধারণ। এত অল্প বয়সে এক শতাংশ প্লেয়ারও ওর মতো এত প্রভাব ফেলতে পারেনি। আমরা শচীনকে নিয়ে কথা বলতে পারি। কারণ ওকে যখন আমরা খেলিয়েছিলাম, ওর বয়সও খুব কম ছিল। আমরা ভাবছিলাম, খুব তাড়াতাড়ি ওকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হল কিনা। কিন্তু ইতিহাসের দিকে তাকালে মনে হবে, হয়ত একটু দেরি হয়ে গিয়েছিল। ও যদি তৈরি থাকে, বয়স নিয়ে ভাবার দরকার নেই। ওর ক্ষমতা দেখা উচিত।' বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায় ভারত-ইংল্যান্ড প্রথম টি-২০। শনিবার দ্বিতীয় ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। আবার সবার নজর থাকবে সূর্যবংশীর দিকে।