আজকাল ওয়েবডেস্ক: মুকুটে আরও একটি পালক যোগ হল লিওনেল মেসির। নিজের ষষ্ঠ বিশ্বকাপে খেলতে নেমে গড়লেন অনন্য নজির। ক্যানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন। এর আগে বিশ্বমঞ্চে কেরিয়ারের সায়াহ্নে এসে বা এই বয়সে হ্যাটট্রিক করার নজির কারোর নেই। এবার ইতিহাসে নাম লেখালেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। মেসি যেমন অদ্বিতীয়, তেমন তাঁর রেকর্ডও। এদিন একাধিক নজিরের মালিক মেসি। দ্বিতীয় প্লেয়ার হিসেবে পাঁচটি বিশ্বকাপে গোল করার রেকর্ড করলেন। আলজেরিয়ার বিরুদ্ধে প্রথম গোলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছুঁয়ে ফেলেন। বিশ্বকাপের পাঁচ সংস্করণে গোল করার রেকর্ড একমাত্র পর্তুগিজ তারকার ছিল। কাতার বিশ্বকাপে এই নজির গড়েছিলেন। এবার সেই দলে যোগ দিলেন মেসি। বিশ্বফুটবলের দুই মহাতারকার এটা ষষ্ঠ বিশ্বকাপে।
আর্জেন্টিনার জার্সিতে নিজের ২০০তম ম্যাচে বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করলেন। একেবারে আদর্শ দিন, পারফেক্ট মঞ্চ। ২০০৫ সালে মাত্র ১৮ বছর বয়সে আর্জেন্টিনার সিনিয়র দলে অভিষেক হয় মেসির। ছেলেদের ফুটবলে একমাত্র রোনাল্ডো তাঁর থেকে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। বুধবার রাতে ডিআর কঙ্গোর বিরুদ্ধে পর্তুগালের হয়ে নিজের ২২৯তম ম্যাচে নামবে সিআরসেভেন। এদিন বিশ্বকাপে ১৪তম গোল করে প্রথমে কিলিয়ান এমবাপেকে ছুঁয়ে ফেলেন মেসি। তারপর তাঁকে টপকে ছুঁয়ে ফেলেন রোনাল্ডোকে। শেষপর্যন্ত হ্যাটট্রিকে মিরোস্লাভ ক্লোজেকে সিংহাসনচ্যুত করার আরও কাছাকাছি পৌঁছে যান। আর একটি মাত্র গোল করলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক হবেন।
এদিন আরও জোড়া রেকর্ড করেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। দেশের হয়ে সর্বকনিষ্ঠ এবং সবচেয়ে বয়স্ক প্লেয়ার হিসেবে গোল করলেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বর্ষীয়ান ফুটবলার হিসেবে জোড়া গোল। হ্যাটট্রিকও। ২০০৬ জার্মানি বিশ্বকাপে সার্বিয়া এবং মন্টিনেগরোর বিরুদ্ধে বিশ্বকাপে অভিষেক হয় মেসির। তার ঠিক ২০ বছর পর বিশ্বমঞ্চে প্রথম হ্যাটট্রিক। শেষ দুই বিশ্বকাপে মেসিকে দু'হাত ভরে আশীর্বাদ করছেন ফুটবল ঈশ্বর। এই মাপের ফুটবলারের বিশ্বকাপ জয় অধরা থাকলে অন্যায় হত। ২০২২ কাতার বিশ্বকাপে মেসির স্বপ্নপূরণ হয়েছে। তারপর তারকা ফুটবলারের না পাওয়ার তালিকায় ছিল বিশ্বকাপে হ্যাটট্রিক। এদিন যা পূরণ হল। পোয়েটিক জাস্টিস। বিশ্বমঞ্চে আর কিছু পাওয়া কি বাকি আছে মেসির?















