আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপের দল ঘোষণা করল ফিফা। সেই দলে কয়েকটি চমক রয়েছে। বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পান ভোজিনহা। যা প্রত্যাশিত ছিল। স্পেনের বিশ্বকাপজয়ী গোলকিপার উনাই সিমন এবং ইংল্যান্ডের জর্ডন পিকফোর্ডকে ছাপিয়ে ফিফার একাদশে জায়গা করে নেন কেপ ভার্দের গোলকিপার। গোটা টুর্নামেন্টে অনবদ্য কিপিং করেন ৪০ বছরের এই গোলকিপার। গোলের নীচে অসংখ্য সেভ। মেসিদেরও প্রায় আটকে দিচ্ছিলেন। এদিকে দলে জায়গা পাননি স্পেনের পাও কুবার্সি। ১৯ বছরের তরুণ রক্ষণে নজর কাড়েন। টুর্নামেন্টের সেরা উঠতি প্লেয়ার হন। কিন্তু তাঁকে পেছনে ফেলে সেন্টার ব্যাক হিসেবে দলে জায়গা করে নেন ফ্রান্সের ডায়োট উপামেকানো এবং আর্জেন্টিনার লিসান্দ্রো মার্টিনেজ। ফিফার সেরা একাদশে স্পেন এবং ফ্রান্সের তিনজন ফুটবলার রয়েছে। রানার্স আপ আর্জেন্টিনা দল থেকে দু'জন সুযোগ পায়।
এবারের বিশ্বকাপের সেরা আবিষ্কার ভোজিনহা। ভয়ডরহীন ব্র্যান্ড অফ ফুটবলে ফুটবলপ্রেমীদের মন জয় করে নেয় কেপ ভার্দে। গোটা বিশ্বকাপে অপরাজিত থাকে মাত্র পাঁচ লক্ষের একটি দেশ। রাউন্ড অফ ৩২ তে আর্জেন্টিনার কাছে অতিরিক্ত সময়ে হারে। এমনকী লিওনেল মেসিও তাঁর প্রশংসা করেন। বর্তমানে ভোজিনহা পরিচিত নাম। ফিফার সেরা দলের রক্ষণে সুযোগ পান স্পেনের দুই বিশ্বকাপেজয়ী ফুটবলার, মার্ক কুকুরেয়া এবং পেডরো পোরো। মাঝমাঠে গোল্ডেন বল জয়ী রডরি অনায়াসেই দলে জায়গা করে নেয়। স্পেনের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা নেন তিনি। বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্সের জন্য ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম এবং ফ্রান্সের মাইকেল অলিসেও সুযোগ পান।
সবচেয়ে বড় চমক স্ট্রাইকিং লাইন আপে। সুযোগ পাননি ইংল্যান্ডের হ্যারি কেন। তাঁর বদলে ফিফার সেরা একাদশে জায়গা পান আর্লিং হালান্ড। ফরোয়ার্ড লাইনে বাকি দু'জন স্বাভাবিক পছন্দ, কিলিয়ান এমবাপে এবং লিওনেল মেসি। বিশ্বকাপ জিতলেও, ফিফার দলে জায়গা পাননি লামিনে ইয়ামাল। চোট থেকে ফিরে বিশ্বকাপে অংশ নেন ১৯ বছরের তরুণ ফুটবলার। সেইভাবে গোল না পেলেও, আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। তাঁর পায়ে বল পড়লেই চাপে পড়ে যায় বিপক্ষের রক্ষণ। কিন্তু ফিফার সেরা একাদশে ইয়ামালের স্থান হয়নি।
ফিফার বিশ্বকাপ দল:
ভোজিনহা (কেপ ভার্দে), মার্ক কুকুরেয়া (স্পেন), লিসান্দ্রো মার্টিনেজ (আর্জেন্টিনা), ডায়ট উপামেকানো (ফ্রান্স), পেড্রো পোরো (স্পেন), রডরি (স্পেন), জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড), মাইকেল অলিসে (ফ্রান্স), কিলিয়ান এমবাপে (ফ্রান্স), আর্লিং হালান্ড (নরওয়ে), লিওনেল মেসি (আর্জেন্টিনা)।
















