আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপে বড় ধাক্কা খেয়েছে হরমনপ্রীতরা। রবিবার ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে দক্ষিণ আফ্রিকার কাছে হারে সেমিফাইনালে যাওয়া অনিশ্চিত হয়ে গিয়েছে ভারতের মেয়েদের। পারবে কি শেষ চারে যেতে? ৫ বল বাকি থাকতে মারিযান ক্যাপের ৪৫ বলে ৮১ রান দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে জিততে সাহায্য করে। প্রথম ম্যাচে আফ্রিকার কাছে হারলেও, এই জয়ে শেষ চারের আশা জিইয়ে রাখল প্রোটিয়ারা। অন্যদিকে পাকিস্তান এবং নেদারল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর দক্ষিণ আফ্রিকার কাছে হোঁচট খায় স্মৃতিরা। হার সত্ত্বেও প্রথম গ্রুপে অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। এই জায়গা থেকে কীভাবে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করতে পারে ভারতের মেয়েরা?
বিশ্বকাপের বাকি দুটো ম্যাচ জিতলে, সরাসরি শেষ চারে চলে যাবে ভারতের মেয়েরা। তবে অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার থেকে রানরেট বেশি থাকতে হবে। বাকি ম্যাচে এই দুই দলের মধ্যে একটি দল হেরে গেলে, ভারতের জন্য সুবিধা হবে। বাকি দুই ম্যাচের মধ্যে যদি ভারত একটিতে হারে, সেক্ষেত্রে শেষ দুটো ম্যাচের মধ্যে একটিতে হারতে হবে প্রোটিয়াদের। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের থেকে রানরেট বেশি থাকতে হবে। বাংলাদেশের কাছে হরমনপ্রীতরা হেরে গেলে সরাসরি বিদায়। শেষ দুটো ম্যাচ হেরে গেলেও বিদায়। অর্থাৎ, প্রোটিয়াদের কাছে হারে শেষ দুটো ম্যাচের গুরুত্ব আরও বেড়ে গেল।
প্রসঙ্গত, রবিবার জঘন্য ফিল্ডিংয়ের খেসারত দিতে হয় ভারতকে। ক্যাপের জোড়া ক্যাচ ফেলা হয়। দু'বারই ক্যাচ ফেলেন রাধা যাদব। বল হাতে জোড়া উইকেট তুলে নেওয়ার পর ব্যাট হাতেও সফল প্রোটিয়া অলরাউন্ডার। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে ভারত। ৫ বল বাকি থাকতে, ১৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়সূচক রানে পৌঁছে যান দক্ষিণ আফ্রিকা।
















