আজকাল ওয়েবডেস্ক: আইএসএল জয়ের অন্যতম নায়ক তিনি। আরও দু' বছর গোলকিপার প্রভসুখন সিং গিলকে লাল-হলুদে রাখার ব্যাপারে এগিয়েছে ইস্টবেঙ্গল। আইএসএল ডার্বিতে মোহনবাগানের বিরুদ্ধে শেষ মুহূর্তের সেই দুর্দান্ত সেভই ইস্টবেঙ্গলকে ট্রফির আরও কাছে পৌঁছে দিয়েছিল। তাঁর চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল ৩১ মে। গিলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বিশেষ করে বিনিয়োগকারী সংক্রান্ত জটিলতার মধ্যে ক্লাব তাঁকে ধরে রাখতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল।
কিন্তু সূত্রের খবর, গত কয়েক দিনে গিলের সঙ্গে একাধিক দফায় আলোচনা করেছেন ক্লাবের রিক্রুটাররা। সেই আলোচনায় ইতিবাচক সাড়া দিয়েছেন ভারতীয় এই গোলকিপার। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী দু’বছরও ইস্টবেঙ্গলের জার্সিতেই দেখা যাবে তাঁকে।
শুধু গিল নন, দল গঠন প্রক্রিয়ায় সক্রিয় হয়ে উঠেছে ইস্টবেঙ্গল। ইন্টার কাশীর সাইড ব্যাক সন্দীপ মান্ডিকে দলে নেওয়ার ব্যাপারেও আলোচনা অনেকটাই এগিয়েছে বলে জানা গিয়েছে।
নতুন মরশুমে আরও শক্তিশালী দল গড়ার লক্ষ্যে ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। গুরুত্বপূর্ণ ফুটবলারদের ধরে রাখার পাশাপাশি নতুন মুখ আনার ক্ষেত্রেও তৎপরতা বাড়িয়েছে লাল-হলুদ শিবির।















