আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপ জিতে কপিল দেব, এমএস ধোনি, রোহিত শর্মাদের ক্লাবে প্রবেশ করে ফেলেছেন সূর্যকুমার যাদব। কিন্তু এখনও লাল বলের ক্রিকেটের স্বপ্ন অধরা। খেলেন না একদিনের ক্রিকেটও। বিশ্বকাপ জয়ের পর এমন প্রশ্নের মুখে পড়লেন স্কাই। সংক্ষিপ্ত ফরম্যাটে যেমন সাবলীলাক্রমে ছক্কা হাঁকান, তেমনই স্বাভাবিকভাবে প্রশ্নের উত্তর দিলেন। জানান, বরাবরই টেস্ট খেলার ইচ্ছা ছিল তাঁর। কিন্তু একদিনের ক্রিকেটে তেমন আগ্রহ নেই। আসল উৎসাহ টি-২০ ক্রিকেটে। কারণ তাতে হাত সেট হয়ে গিয়েছে। একটি পডকাস্টে এমনই জানান সদ্য টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক। বোঝাতে চান, টি-২০ ক্রিকেট খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই ফরম্যাটেই নিজেকে অভ্যস্ত করে ফেলেছেন। 

বিশ্বকাপ জয়ের পর টেস্ট ক্রিকেট না খেলা নিয়ে হতাশা ব্যক্ত করেন স্কাই। তাঁকে মনে করানো হয়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্টে খেলেছেন তিনি। ভুল সংশোধন করে সূর্য বলেন, 'এক ইনিংস।' তিনি বলেন, 'জীবনে যা লেখা আছে, আমরা সেটাই পাই। আমি লাল বলের ক্রিকেটে শুরু করি। ১০-১২ বছর রঞ্জি ট্রফি খেলি। বোম্বেতে প্রচুর লাল বলের ক্রিকেট খেলি। কারণ সেখানে ক্রিকেটার হিসেবে বেড়ে উঠলে লাল বলের ক্রিকেট দিয়েই শুরু করতে হবে। ওখানে সবকিছু লাল বলের ক্রিকেটকে ঘিরেই। কিন্তু পরবর্তীতে সাদা বলের ক্রিকেট খেলতে শুরু করার পর, সেদিকেই ঝুঁকে যাই। তারপর এই ফরম্যাটে আসি। আমি একদিনের ক্রিকেটেও ভাল খেলার চেষ্টা করি। কিন্তু তেমন কিছু হয়নি। টি-২০ ক্রিকেটে আমি সাফল্য পাই। সেখানেই হাত সেট হয়ে যায়।' 

সংক্ষিপ্ত ফরম্যাটের সঙ্গে নিজেকে মানিয়ে নিলেও, এখনও টেস্ট খেলার আকাঙ্ক্ষা মনের কোণে লুকিয়ে আছে। প্রশ্ন উঠতেই এককথায় মেনে নেন। সূর্য বলেন, 'আমি অবশ্যই টেস্ট খেলতে চাই। আমি ২০১০-১১ থেকে ২০২০ পর্যন্ত লাল বলের ক্রিকেট খেলেছি। দশ বছর অনেকটা সময়। আমি এই ফরম্যাটকে ভালবাসি। সুযোগ পেলে কে টেস্ট খেলতে চাইবে না?' ভালভাবেই জানেন, ৩৫ বছর বয়সে নতুন করে টেস্ট খেলা তাঁর পক্ষে কার্যত সম্ভব নয়। ২০২৩ সালে নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ইনিংস খেলেন সূর্য। ৮ রান করেন। একই বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের বিশ্বকাপের ফাইনালে খেলেন। ২৮ বলে ১৮ রান করেন। ফাইনাল হারে ভারত। সেই থেকে সূর্য আর একদিনের ক্রিকেট খেলেননি। একদিনের ক্রিকেট কি ভবিষ্যতে হারিয়ে যাবে? অবলুপ্তির পথে এগোচ্ছে? ক্রমশ বাড়ছে টি-২০ ক্রিকেটের জনপ্রিয়তা। টেস্ট চিরকালীন। এই বিষয়ে বিশেষ কোনও মন্তব্য করতে চাননি ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক।