আজকাল ওয়েবডেস্ক: সাত তারিখ থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেভারিট হিসেবেই শুরু করবে ভারত।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলের ক্রমতালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। নতুন এই তালিকায় যথারীতি শীর্ষে রয়েছে ভারত। বিশ্বকাপে সুযোগ পাওয়া দলগুলোর মধ্যে সবচেয়ে নীচে রয়েছে ইতালি।
২৭৩ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে ভারতীয় দল। ২৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া এবং ২৫৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইংল্যান্ড। চার ও পাঁচ নম্বরে যথাক্রমে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করায় পাকিস্তান এক ধাপ এগিয়েছে। ২৩৮ রেটিং পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে পাকিস্তান। ২৩৪ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ নেমে গিয়েছে সপ্তম স্থানে। অষ্টম স্থানে শ্রীলঙ্কা।
এদিকে টি-২০ বিশ্বকাপের জন্য নিজের পছন্দের দল বেছে নিলেন মহেন্দ্র সিং ধোনি। ২০০৭ সালে মাহির হাত ধরেই প্রথম টি-২০ বিশ্বকাপ জেতে ভারত। জোড়া বিশ্বকাপজয়ী অধিনায়ক মনে করছেন, চ্যাম্পিয়ন হওয়ার মালমশলা রয়েছে ভারতীয় দলে। তবে সমস্যার জায়গাগুলোও বেছে নেন। সংক্ষিপ্ত ফরম্যাটে শক্তিশালী দলগুলোরও যে বিপাকে পড়ার সম্ভাবনা রয়েছে, সেটা জানিয়ে রাখলেন ধোনি। শনিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ৪-১ এ সিরিজ জেতায় বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নামবে সূর্যকুমার যাদবরা। টানা ন'টি দ্বিপাক্ষিক সিরিজ জয়। ঘরের মাঠে ফেভারিট হিসেবেই নামবে টিম ইন্ডিয়া।
