আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ শেষ হতেই ভারতীয় ক্রীড়াপ্রেমীদের জন্য ছিল চমক। ভারতে, তথা কলকাতায় ব্রাজিলের খেলতে আসার খবর পাওয়া যায়। তবে কবে, কোথায়, কাদের বিরুদ্ধে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা সেটা জানা যায়নি। তবে পুজোর আগেই থাকছে চমক। ব্রাজিলের বেশ কয়েকটি মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ৩ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল। প্রতিপক্ষ ভারত। সেই সময় ফিফা আন্তর্জাতিক উইন্ডো রয়েছে। প্রথমে শোনা গিয়েছিল, অক্টোবরের শুরুতে কলকাতার খেলবে পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা। কিন্তু কাদের বিরুদ্ধে জানা যায়নি। 

আগের শনিবার আচমকা এই খবর ভেসে ওঠে। ব্রাজিলের অস্ট্রেলিয়া সফরের পর অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোতে ভারতে আরও একটি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে বলে ইএসপিএন ব্রাজিলের একটি প্রতিবেদনে দাবি করা হয়। সেই সফরে মোট তিনটি ম্যাচ খেলবে ব্রাজিল। প্রথম দুটি ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হওয়ার কথা। তৃতীয় ম্যাচটি কলকাতায় খেলার ইচ্ছে প্রকাশ করে ব্রাজিল। তবে প্রতিপক্ষের নাম জানানো হয়নি। ব্রাজিলের কয়েকটি মিডিয়া সূত্রে জানা যাচ্ছে, প্রতিপক্ষ ভারত হতে পারে। তবে এখনও কিছুই চূড়ান্ত হয়নি। কথাবার্তা চলছে। 

কিন্তু ব্রাজিল ফেডারেশন কলকাতাকেই বেছে নিল কেন? এর পিছনে রয়েছে শহরের ব্রাজিল নিয়ে উন্মাদনা। ২০২৬ বিশ্বকাপ চলাকালীন কলকাতা এবং বাংলার বিভিন্ন জায়গায় ব্রাজিল সমর্থকদের বিপুল উপস্থিতির ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেই উন্মাদনাই নজর কেড়েছে ব্রাজিলের। সব ঠিক থাকলে এই বছরেই ভারতীয় সমর্থকরা সাম্বার জাদু দেখতে পারেন কলকাতার মাটিতে। তবে ব্রাজিলের প্রাথমিক দল আসবে কিনা, সেই দলে ভিনিসিয়াস জুনিয়ররা থাকবে কিনা, এখনও জানা যায়নি।