আজকাল ওয়েবডেস্ক: গোয়ার মাটিতে ইতিহাস গড়ল পশ্চিমবঙ্গের চুকবল দল। ১৬তম জাতীয় সিনিয়র চুকবল চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে চ্যাম্পিয়নের মুকুট উঠল বাংলার মাথায়।
ফাইনালে আয়োজক গোয়াকে হারিয়ে ট্রফি নিজেদের দখলে আনে পশ্চিমবঙ্গ। টুর্নামেন্টের শুরু থেকেই ছন্দে ছিল বাংলা দল। একের পর এক শক্তিশালী প্রতিপক্ষকে পরাজিত করে ফাইনালে পৌঁছায় তারা।
শেষ ম্যাচেও অসাধারণ দলগত সমন্বয়, আত্মবিশ্বাস এবং লড়াইয়ের মানসিকতা দেখিয়ে শেষ হাসি হাসেন বাংলার ছেলেরাই। এই সাফল্যে উচ্ছ্বসিত রাজ্যের চুকবল অ্যাসোসিয়েশনের সভাপতি দিবাকর রায়।
তিনি বলেন, ‘এই জয় খেলোয়াড়দের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের ফল।’ অন্যদিকে, মেয়েদের বিভাগে রানার্স-আপ হয়েছে বাংলা। রোমাঞ্চকর ফাইনালে আয়োজক গোয়ার কাছে হার মানলেও বাংলার মেয়েরা গোটা টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত লড়াই উপহার দিয়েছে।
তাদের পারফরম্যান্সও প্রশংসা কুড়িয়েছে সকলের। সুইজারল্যান্ডে প্রথম আবিষ্কার হওয়া চুকবল বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্যে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। এই খেলায় এবার দেশের সেরার সম্মান পেল পশ্চিমবঙ্গ।
এবারের ন্যাশনাল চুকবল চ্যাম্পিয়নশিপে প্রায় ২২টি রাজ্য অংশ নিয়েছিল। ফাইনালে পৌঁছে অসাধারণ পারফরম্যান্স করা পশ্চিমবঙ্গের মেয়েদের দলকেও অভিনন্দন জানান দিবাকর রায়।
তিনি তাদের দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং নিষ্ঠার প্রশংসা করেন। অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘জাতীয় মঞ্চে দাঁড়ানোর অনুভূতি স্বপ্নপূরণের সমান।’
দলের সাফল্যের পেছনে নিরলস অনুশীলন, পারস্পরিক সহযোগিতা এবং অঙ্গীকারকেই তিনি কৃতিত্ব দেন। উল্লেখ্য, টুর্নামেন্টের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়া চুকবল অ্যাসোসিয়েশনের সভাপতি এবং গোয়া বিধানসভার স্পিকার গণেশ গাঁওকার।
ন্যাশনাল চুকবল ফেডারেশনের সভাপতি ও পাঞ্জাব আর্মড পুলিশের এডিজি ফয়াজ ফারুকি এবং উলহাস তুয়েনকার। তাঁরা বিজয়ী ও কৃতী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।















