আজকাল ওয়েবডেস্ক:‌ হেলিকপ্টার শটের জনক মহেন্দ্র সিং ধোনি?‌ কোনও ব্যাটার এই শট মারলেই এই কথা বলা হয়। তবে দেশের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগের দাবি, ধোনি প্রথম ক্রিকেটার নন যিনি হেলিকপ্টার শট মেরেছেন। ধোনির আগেও এই শট দেখা গিয়েছে ক্রিকেটে। আর শেহবাগের এই মন্তব্যে নতুন করে শুরু হয়েছে বিতর্ক।


আইপিএলের মাঝে একটি শোয়ে শেহবাগ বলেছেন, ‘‌কে বলেছে ধোনি প্রথম ক্রিকেটার যে হেলিকপ্টার শট মেরেছে। আমি একটা নাম বলব, চমকে যাবেন। ভারতীয় ক্রিকেটে প্রথম বার হেলিকপ্টার শট মেরেছেন মহম্মদ আজহারউদ্দিন। জানি না কেন, কেউ হেলিকপ্টার শট মারলেই ধোনিভক্তেরা ওর নাম টেনে আনে।’‌


এই প্রসঙ্গে নিজের একটি শটের উদাহরণও টেনেছেন শেহবাগ। তিনি বলেন, ‘‌২০০৩ সালের বিশ্বকাপে তো আমি ওয়াকার ইউনিসের বলে আপারকাট মেরেছিলাম। কিন্তু আমার আগে শোয়েব আখতারের বলে আপারকাট মেরেছিল শচীন তেন্ডুলকার। তার আগেও অনেকে এই শট মেরেছে। তা হলে কি আমি বলব, আমিই আপারকাট মেরেছি। কখনও না।’‌


এদিকে, শেহবাগের এই মন্তব্যের পর আজহারউদ্দিনের একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, পেসারের বলে হেলিকপ্টার শট মারছেন আজহার। 


ধোনিভক্তরাও অনেকে শেহবাগের এই মন্তব্যের সমালোচনা করেছেন। তাঁদের মতে, একই সময়ে দুই ক্রিকেটার খেলেছেন। দু’জনেই ভারতকে টি–২০ বিশ্বকাপ ও এক দিনের বিশ্বকাপ জিততে সাহায্য করেছেন। তার পরেও শেহবাগের কথা থেকে স্পষ্ট, ধোনিকে তিনি হিংসা করেন। 


প্রসঙ্গত, এবারের আইপিএলে এখনও খেলতে পারেননি ধোনি। চোট পেয়েছিলেন তিনি। সুস্থ হয়ে উঠছেন। কিন্তু এখনও খেলার পরিস্থিতিতে আসেননি। চেন্নাই সুপার কিংসের আশা, দ্রুত মাঠে ফিরবেন ধোনি।