আজকাল ওয়েবডেস্ক: রবিচন্দ্রন অশ্বিনের তালিকায় জায়গা পেলেন না বিরাট কোহলি, রোহিত শর্মা। তাঁর দেখা সেরা কভার ড্রাইভ এবং পুল শট খেলা ক্রিকেটারের তালিকায় নেই অধুনিক ক্রিকেটের দুই মহাতারকা। ইউ টিউবে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে একটি ব়্যাপিড ফায়ার রাউন্ডে অংশ নেন অশ্বিন। বেশ কয়েকটি কঠিন প্রশ্ন করা হয় ভারতীয় স্পিনারকে। তার উত্তর ফ্যানদের অবাক করে। তাঁর নজরে সেরা কভার ড্রাইভ মারা ক্রিকেটার কে? প্রশ্ন হওয়া মাত্র সবাই বিরাট কোহলির নামের জন্য অপেক্ষা করছিল। কিন্তু নিজের সতীর্থের নাম নেয়নি তিনি। অশ্বিন মার্কাস ট্রেসকথিকের নাম নেন। একই রকম ভাবে সেরা পুল শট মারা ক্রিকেটারের নামেও রয়েছে চমক। না, রোহিত শর্মা নেই অশ্বিনের তালিকায়। ভারতের তারকা বেছে নেন রিকি পন্টিংকে। যা অবাক করেছে ক্রিকেট ভক্তদের।
বর্তমানে চেন্নাইয়ে ভারতীয় টেস্ট দলের সঙ্গে অনুশীলন করছেন অশ্বিন। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট। ৩৭ বছরে পা দিয়েছেন অশ্বিন। তবে আপাতত অবসরের ভাবনা নেই। এই প্রসঙ্গে তিনি বলেন, 'আমার মনে অবসরের কোনও ভাবনা নেই। আমি দিন প্রতি এগোচ্ছি। কারণ বয়স বাড়লে প্রতিদিন বাড়তি কসরত করতে হয়। সবকিছু আগের মতো থাকে না। গত ৩-৪ বছরে আমি প্রচুর পরিশ্রম করেছি। আমি অবসর নিয়ে এখনও ভাবিনি। তবে যেদিন মনে হবে আর উন্নতি করার জায়গা নেই, সেদিন ছেড়ে দেব।' দেশের জার্সিতে বাংলাদেশের বিরুদ্ধে আরও একবার গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করতে দেখা যাবে তাঁকে।
















