আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান পাননি। তাঁর দিকে ধেয়ে আসছে সমালোচনার ঝড়। প্রাক্তন ক্রিকেটাররাও 'গেল গেল' রব তুলছেন। রানের খিদে তাঁর এতটাই যে সবার আগে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে পৌছলেন।

অনেকেই বলছেন, স্যর ডনের দেশেই ঘুরে দাঁড়াবেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই তারকা ব্যাটারের ব্যাট কথা বলবে। একটি সূত্রের মতে, ''দুটো ব্যাচের আগেই কোহলি রওনা হয়েছে অস্ট্রেলিয়ায়। এতক্ষণে পৌঁছেও গিয়েছে পারথে। একটা ব্যাচ রাস্তায় রয়েছে। আরেকটি ব্যাচ আজ রওনা দেবে।'' 

শনিবার রাতে মুম্বই বিমানবন্দরে কোহলিকে দেখা গিয়েছে। স্ত্রী অনুষ্কার সঙ্গে দুই সন্তানও ছিল। ভক্তদের সঙ্গে ছবি তুলেছেন কোহলি। তাঁদের সই দিয়েছেন। 

প্রথম ব্যাচে ছিলেন শুভমান গিল, মহম্মদ সিরাজ, আকাশদীপ, ওয়াশিংটন সুন্দর, যশস্বী জয়সওয়াল। সিঙ্গাপুর হয়ে পারথে উড়ে যাচ্ছেন তাঁরা। সহকারী কোচ অভিষেক নায়ারও রয়েছেন তাঁদের সঙ্গে। 

বাকি প্লেয়ার, সাপোর্ট স্টাফরা আজ সোমবার অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছে। রওনা হওয়ার আগে গৌতম গম্ভীর সাংবাদিক বৈঠক করেন। বিরাট কোহলির পাশে দাঁড়িয়ে গম্ভীর পালটা দিয়েছেন রিকি পন্টিংকে। 

নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারের পরে অস্ট্রেলিয়ার মাটিতে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ভারত। রানে ফিরতে মরিয়া বিরাট কোহলি। সেই কারণেই সবার আগে পৌঁছলেন স্যর ডনের দেশে।