আজকাল ওয়েবডেস্ক: বুধবার একদিনের সিরিজের শেষ ম্যাচে খেলতে আহমেদাবাদ পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। জোড়া জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে ফেলেছে ভারত। শতরান করে দলকে জেতান রোহিত শর্মা। চোটের জন্য প্রথম ম্যাচে খেলতে পারেননি কোহলি। দ্বিতীয় ম্যাচে খেললেও রান পাননি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আহমেদাবাদেই শেষ একদিনের ম্যাচ খেলবে ভারতীয় দল। এটাই প্রস্তুতির শেষ সুযোগ। সবার নজর থাকবে কোহলির দিকে। কিন্তু তার আগে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে এক মহিলাকে জড়িয়ে ধরতে দেখা যায় বিরাটকে। ঘটনাটি ভুবনেশ্বর বিমানবন্দরের।
ভুবনেশ্বর বিমানবন্দরে নামার পর নিরাপত্তা বলয় এড়িয়ে এক মাঝবয়সী মহিলাকে আলিঙ্গন করতে দেখা যায় কোহলিকে। বিরাট সেই মহিলার দিকে এগিয়ে যেতেই ফ্যানদের নজরে পড়ে। কে এই মহিলা জানার জন্য উদগ্রীব হয়ে ওঠে ভক্তরা। কোহলিকে দেখে মনে হয়, এই মহিলাকে আগে থেকেই চিনতেন। এমনকী যাওয়ার সময় মহিলাকে কিছু বলতে শোনা যায় বিরাটকে। এরপরই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়ে যায়। প্রশ্ন ওঠে, কোহলি কি তাঁকে আগে থেকে চিনতেন? নাকি শুধুমাত্র মহিলা সমর্থক হিসেবে তাঁকে আলিঙ্গন করেন। দলের সঙ্গে যাওয়ার সময় যেভাবে লাইন ভেঙে নিরাপত্তা বেষ্টনীর কাছে এসে মহিলাকে জড়িয়ে ধরেন বিরাট, দেখে মনে হয়নি সম্পূর্ণ অপরিচিত। তাই এই নিয়ে নেটমাধ্যমে তুমুল চর্চা শুরু হয়। তবে এটা অবশ্য কোহলির কানে পৌঁছবে না। আপাতত চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রানে ফেরাই তারকা ক্রিকেটারের একমাত্র লক্ষ্য। তার জন্য শুধুমাত্র আহমেদাবাদ ম্যাচই পাবেন কোহলি।
