আজকাল ওয়েবডেস্ক: লাল বলের ক্রিকেটে কি ফিরছেন বিরাট কোহলি? সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিলেন তারকা ক্রিকেটার। দিল্লির দোয়ারকার একটি অনুষ্ঠানে এসে স্পষ্ট জানান, তিনি ক্লান্ত। লাল বলের ক্রিকেট তাঁর কাছে অতীত। রবিবার ওয়ান ৮ স্পোর্টস ব্র্যান্ডের একটি অনুষ্ঠানে যোগ দেন কোহলি। এই ব্র্যান্ডের কো ফাউন্ডারও তিনি। এই ব্র্যান্ডের একধরনের জুতোর দাম ৯২৩০। কাকতালীয়ভাবে আইকনিক ক্রিকেটারের টেস্ট রানও তাই। এটা দেখার পরই বিখ্যাত হোস্ট এবং কমিডিয়ান ড্যানিশ সেইট প্রশ্ন করেন, অবসর ভেঙে টেস্টে ফিরতে পারেন কিনা? তার উত্তরে হাসতে হাসতে কোহলি বলেন, 'টেস্ট ক্রিকেট আমার কাছে অতীত। ধন্যবাদ।' 

গত বছরের মে মাসে টেস্ট থেকে অবসর নেন কোহলি। ১৪ বছরের কেরিয়ারে দাড়ি টানেন। ব্যাটার এবং অধিনায়ক হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা নেন। ১২৩টি টেস্ট খেলে কোহলির রান ৯২৩০। গড় ৪৬.৮৫। রয়েছে ৩০টি শতরান, ৩১টি অর্ধশতরান। সর্বোচ্চ রান অপরাজিত ২৫৪। ভারতের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রহকারী। তাঁর আগে আছেন শচীন তেন্ডুলকার, রাহুল দ্রাবিড় এবং সুনীল গাভাসকর। ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক। ৬৮ ম্যাচের মধ্যে ৪০টি জেতেন। এমএস ধোনির অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া সফরে ভারতকে প্রথম নেতৃত্ব দেন। কিন্তু আর ফিরে তাকানোর ইচ্ছা নেই কোহলির। 

জন্মভিটেতে ফিরে আবেগপ্রবণ হয়ে পড়েন বিরাট। দিল্লির ভরা অনুষ্ঠানে জানান, কীভাবে এই শহর থেকে তাঁর যাত্রা শুরু হয়। যেখান থেকে শুরু করেছিলেন, সেখানেই ব্র্যান্ড উদ্বোধন করতে পেরে খুশি তারকা ক্রিকেটার। কোহলি বলেন, 'দিল্লিতে আমার সবকিছু শুরু হয়েছে। আমি দিল্লিতে জন্মেছি, ক্রিকেট যাত্রা শুরু দিল্লিতে। দিল্লি সবসময় আমার একটি বিশেষ অংশ থেকে যাবে। এত বছর পর দিল্লিতে ওয়ান ৮ এর উদ্বোধন করা আমার কাছে স্বপ্ন সফরের মতো। এটা বাস্তবে রূপান্তরিত হবে কিনা সেই নিয়ে আমার সন্দেহ ছিল। কিন্তু এতবছর ধরে ভক্তদের ভালবাসা আমাদের এই জায়গায় পৌঁছে দিয়েছে।' ইংল্যান্ড সফরে আবার ব্যাট হাতে দেখা যাবে কোহলিকে। আফগানিস্তান সিরিজ মিস করার পর আবার বাইস গজে ফিরবেন তারকা ক্রিকেটার।