আজকাল ওয়েবডেস্ক: একদিনের ক্রিকেটে আরও একটি মাইলস্টোন ছুঁলেন বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ছাপিয়ে গেলেন রিকি পন্টিংকে। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে পাঁচ নম্বরে চলে এলেন কোহলি। এদিন ৫৬১তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন কোহলি। পন্টিংয়ের ম্যাচের সংখ্যা ছিল ৫৬০। সর্বকালের তালিকায় কোহলির আগে মাত্র চারজন প্লেয়ার আছে। একনম্বর স্থান শচীন তেন্ডুলকারের দখলে। প্রথম ম্যাচে রান না পেলেও এদিন সফল কোহলি। জোফ্রা অর্চারের বলে আউট হওয়ার আগে ৬৬ বলে ৬৫ রান করেন বিরাট।
এই নিয়ে পরপর দুবার আর্চারের বলে আউট হন কোহলি। ভারতের পার্টনারশিপ ভাঙতে আর্চারকে ফেরানো হয়। ব্যাক অফ লেন্থ ডেলিভারিতে থার্ড ম্যানে আদিল রশিদের হাতে ধরা পড়ে। ভারতের ইনিংস মজবুত করতে সাহায্য করেন কোহলি। প্রথমে রোহিত শর্মার সঙ্গে মিলে ৬০ রান যোগ করেন। তারপর শ্রেয়স আইয়ারের সঙ্গে জুটি বেঁধে তোলেন ৬৭ রান। অর্ধশতরানের মাধ্যমে করেন আরও একটি রেকর্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে ১৪ বার ৫০ বা তারও বেশি রান করেন। ছুঁয়ে ফেলেন ভিভ রিচার্ডসকে। এই তালিকায় যৌথভাবে তাঁরা দুই নম্বরে। তাঁদের আগে আছেন কুমার সাঙ্গাকারা। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর অর্ধশতরানের সংখ্যা ১৫। ২০০৮ সালে আন্তর্জাতিক অভিষেকের পর একের পর এক রেকর্ড করে চলেছেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে মোট রান ২৮ হাজারের বেশি। দেশের হয়ে ৫৬০ ম্যাচে খেলার সুযোগ খুব কম ক্রিকেটারেরই হয়।
















