আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার বেঙ্গালুরুতে একের পর এক লজ্জার রেকর্ড রোহিতদের। ৯১ বছরের ইতিহাসে ঘরের মাঠে সর্বনিম্ন রানের পাশাপাশি আরও একটি কারণে মুখ পুড়ল ভারতীয় ক্রিকেট দলের। বৃহস্পতিবার চিন্নস্বামীতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। তারমধ্যে পাঁচজন ব্যাটার শূন্য রানে আউট হন। খাতা খুলতে পারেননি বিরাট কোহলি, সরফরাজ খান, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। ঘরের মাঠে প্রথমবার ভারতের প্রথম সাত ব্যাটারের মধ্যে চারজন শূন্যতে আউট হল। একটা সময় ৬ উইকেট হারিয়ে ভারতের রান ছিল ৩৪। ১৯৬৯ সালের পর এই প্রথম ঘরের মাঠে মাত্র ৩৪ রানে ৬ উইকেট হারাল ভারত। তার আগে হায়দরাবাদে ২৭ রানে ৬ উইকেট হারিয়েছিল ভারতীয় দল।
১৮৮৮ সালের পর বিশ্বক্রিকেটে এই প্রথমবার টপ আট ব্যাটারের মধ্যে পাঁচজন শূন্য রানে আউট হল। প্রথমবার ১৮৮৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে এই লজ্জার নজির ছিল অস্ট্রেলিয়ার। এশিয়ার প্রথম দল হিসেবে এবার এই রেকর্ড ভারতের দখলে। এদিন মাত্র ৩১.২ ওভারে ৪৬ রানে অলআউট হয়ে যায় ভারত। ঘরের মাঠে ২৯৩ টেস্টে এটাই সর্বনিম্ন স্কোর। এই প্রথম হোম গ্রাউন্ডে ৫০ রানের গণ্ডি পেরোতে ব্যর্থ টিম ইন্ডিয়া। দ্বিতীয়বার নিউজিল্যান্ডের বিরুদ্ধে খাতা খুলতে ব্যর্থ পাঁচজন ভারতীয় ব্যাটার। এর আগে ১৯৯৯ সালে মোহালি টেস্টে এমন ঘটনা ঘটেছিল।
















