আজকাল ওয়েবডেস্ক: মুকুটে আরও একটি পালক যোগ করলেন বিরাট কোহলি। মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ছুঁয়ে ফেললেন আরও একটি মাইলস্টোন। পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ৩০০ তম ইনিংস খেলে ফেললেন কোহলি। এই তালিকায় আছেন শচীন তেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, মহম্মদ আজহারউদ্দিন এবং সৌরভ গাঙ্গুলি। সবার থেকে এগিয়ে মাস্টার ব্লাস্টার। বিশ্বে একদিনের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ইনিংস খেলেছেন শচীন। কিংবদন্তির ইনিংসের সংখ্যা ৪৫২। তারপরই শ্রীলঙ্কার জুটি সনৎ জয়সূর্য (৪৩৩) এবং মাহেলা জয়বর্ধনে (৪১৮)।
এটা কোহলির ৩১২তম ম্যাচ ছিল। তাঁর রান ১৪৭৯৭। গড় ৫৮.৭১। স্ট্রাইক রেট ৯৩.৮২। এদিন প্রথমে ব্যাট করতে নেমে সমস্যায় পড়ে যায় ইংল্যান্ড। সপ্তম উইকেটে ১২১ রান যোগ করেন জো রুট এবং লিয়াম ডসন। দু'জনেই অর্ধশতরান করেন। ২৫৮ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। ১৩ ওভারের শেষে বিনা উইকেট হারিয়ে ৬১ রান ছিল ইংল্যান্ডের। সেখান থেকে ২২ ওভারের শেষে ১০৭ রানে ৬ উইকেট হারায়। এখান থেকে রিকভারির কোনও জায়গা ছিল না ইংল্যান্ডের। রুট (৭৬) এবং ডসন (৬৮) দলকে লড়াইয়ে ফেরায়। যশপ্রীত বুমরার প্রথম দুই স্পেল শেষ করার অপেক্ষায় থাকেন রুট। তারপর অক্ষর প্যাটেল এবং প্রসিদ্ধ কৃষ্ণকে আক্রমণ করেন। অভিষেকেই জোড়া উইকেট তুলে নেন গুরনুর ব্রার। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। কিন্তু বুমেরাং হয়ে ফেরে। যদিও শেষপর্যন্ত রুট এবং ডসনের ব্যাটে ভদ্রস্থ রানে পৌঁছয় ইংল্যান্ড।
















