আজকাল ওয়েবডেস্ক: ওল্ড ট্র্যাফোর্ড বিশ্ব ক্রিকেটের একাধিক রেকর্ডের সাক্ষী থেকেছে। শনিবার আরও একটি নজির দেখল। সর্বকনিষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বৈভব সূর্যবংশীর। যার প্রহর গুনছিল বিশ্ব। তবে শুরুটা আশা জাগিয়ে করলেও ফিরলেন অল্প রানে। ১০ বলে ১৪ রান করে আউট হন ১৫ বছরের বিস্ময় বালক। তবে তারমধ্যেও খোলেন ছক্কার খাতা। অভিষেক ইনিংসে জোড়া ছয় মারেন। 

আত্মবিশ্বাস নিয়ে নেমেছিলেন আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারী। তাঁকে নিয়ে প্রত্যাশার পারদ চড়তে শুরু করে। ধারাভাষ্যকারদের গলায় উৎসাহ ঝরে পড়ছিল। গোটা আইপিএলে ভয়ডরহীন ক্রিকেট খেলেছেন। কিন্তু ইংল্যান্ডের পিচ এবং পরিবেশ আলাদা। তারপর হওয়া বইছিল। এই পরিস্থিতিতে অভিজ্ঞ ব্যটারদেরই ব্যাট করা চ্যালেঞ্জিং। শুরুর কয়েকটা বলে একটু নড়বড়ে দেখায় বৈভবকে। প্রথম ওভার খেলেন অভিষেক শর্মা। দ্বিতীয় ওভারের শুরুতে ভারতের জার্সিতে প্রথম বল খেলেন বৈভব। দুই বলে রান পাননি। তিন নম্বর বলে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম রান। তাঁরই মতো এদিন ইংল্যান্ডের জার্সিতে অভিষেক হয় জস টংয়ের। 

আইপিএলে সাধারণত ছয় বা চার দিয়ে ইনিংস শুরু করেন বৈভব। এদিনও প্রথম বল থেকেই ব্যাট চালানোর মানসিকতা দেখান। প্রথম তিন বলে পারেননি। তবে বেশিক্ষণ অপেক্ষা করেননি বৈভব। পরের ওভারের প্রথম বলেই ছয়। জোফ্রা আর্চারের বলে সুইপ করে বল বাউন্ডারির বাইরে ফেলেন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ছয়। তৃতীয় ওভারের প্রথম বলে আবার ছয়। টংয়ের ফুল লেন্থ বল মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা হাঁকান। এমন শট গোটা আইপিএলে খেলে এসেছেন। পরের বলেও একই শট খেলার চেষ্টা করেন। এখানেই সতর্ক হয়ে যাওয়া উচিত ছিল সূর্যবংশীর। ভাবা উচিত ছিল এটা কোটিপতি লিগ নয়, আন্তর্জাতিক মঞ্চ। তারওপর ইংল্যান্ডের মাঠ। সেই ভুলের খেসারত দিতে হয়। 

ক্রিজের অন্যপ্রান্তে ততক্ষণে ঝড় তুলেছেন অভিষেক। টং, আর্চরের বলে একের পর এক বড় শট। চতুর্থ ওভারে উইল জ্যাকসকে আনেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। প্রথম দুই বলে চার মারেন অভিষেক। স্পিনের বিরুদ্ধে খুব স্বচ্ছন্দ নন বৈভব। তাই বাড়তি সতর্ক হওয়া উচিত ছিল। প্রথম বলে রান পাননি। জ্যাকসের দ্বিতীয় বলেই ফাঁদে পা দেন। ক্রিজ ছেড়ে বেরিয়ে বড় শট খেলার চেষ্টা করেন। কিন্তু বলের লাইন মিস করেন। উইকেটের পেছনে ভুল করেননি জস বাটলার। ১৪ রানে স্ট্যাম্প আউট হন। আবার সেই পুরোনো ছবি। চোখের জলে মাঠ ছাড়েন বৈভব। অভিষেকের সঙ্গে ওপেনিং জুটিতে ৫০ রানের পার্টনারশিপ। কিন্তু স্মরণীয় করে রাখতে পারলেন না আন্তর্জাতিক অভিষেক।