আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার থেকে শুরু হবে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ। ভারতের তরুণ ব্যাটিং প্রতিভা বৈভব সূর্যবংশী স্বীকার করে নিলেন, গত চার মাসে ক্রিকেটজীবনে একাধিক উত্থান-পতনের মুখোমুখি হয়েছেন। তবে একইসঙ্গে দাবি করেন, জিম্বাবোয়ে সিরিজের আগে তাঁর আত্মবিশ্বাসে কোনও ঘাটতি নেই। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরে ভারতীয় টি-২০ দলে সুযোগ পান বৈভব। বেলফাস্টে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজে মাঠে নামার সুযোগ না পেলেও, ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে আন্তর্জাতিক অভিষেক হয় তাঁর। মাঠে নেমে তিনি শচীন তেন্ডুলকরের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে ভারতের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েন।

টানা তিন ম্যাচে খেললেও বড় রান করতে পারেননি বৈভব। ফলে শেষ টি-২০ ম্যাচে সঞ্জু স্যামসন দলে ফিরতেই প্রথম একাদশ থেকে বাদ পড়তে হয় তাঁকে। যদিও শেষপর্যন্ত ০-৪ ব্যবধানে সিরিজ হারে ভারত। তরুণ ব্যাটারের এই বাদ পড়া নিয়ে তীব্র সমালোচনা করেন একাধিক প্রাক্তন ক্রিকেটার। মাত্র তিনটি ইনিংসের পরই তাঁকে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। কিন্তু সব ভুলে এখন জিম্বাবোয়ে সিরিজে ফোকাস করছেন ১৫ বছরের বিস্ময় বালক। 

বিসিসিআই টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বৈভব বলেন, 'গত চার মাসে অনেক উত্থান-পতন এসেছে। ক্রিকেটে এইসব হয়েই থাকে। আমাকে শুধু নিজের প্রক্রিয়ার উপর ভরসা রাখতে হবে এবং দলের জন্য একশো শতাংশ দেওয়ার চেষ্টা করতে হবে।' ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-২০ থেকে বাদ পড়ার পর বৈভবকে আবেগপ্রবণ দেখিয়েছিল। তবে অল্প বয়সে এমন ধাক্কা সামলে উঠতে কোচিং স্টাফ এবং সতীর্থদের সমর্থন তাঁকে নতুন করে আত্মবিশ্বাস জুগিয়েছে বলে জানান তিনি।

এই প্রসঙ্গে বৈভিব বলেন, 'আমার যা প্রয়োজন, কোচরা সবরকম সাহায্য করছেন। যে ধরনের অনুশীলন দরকার, সেটাও করতে পারছি। খুব ভাল লাগছে এবং আত্মবিশ্বাসও রয়েছে।' চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অন্যতম নায়ক ছিলেন বৈভব। একই মাঠে ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৮০ বলে ১৭৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। সেই স্মৃতি এখনও তাঁর কাছে বিশেষ। বৈভব বলেন, 'এই মাঠটা আমার কাছে খুবই স্মরণীয়। মাত্র চার মাস আগে এখানেই আমরা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিলাম। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন। আবার সেই মাঠে ফিরে আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারা একেবারেই অন্যরকম অনুভূতি। আমি এই মুহূর্তটা দারুণ উপভোগ করছি।'

জিম্বাবোয়ের পরিস্থিতি এবং পিচ সম্পর্কে আগের অভিজ্ঞতা কাজে লাগাতে চান বৈভব। তাঁর বিশ্বাস, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যা শিখেছিলেন, সেটা এবার সিনিয়র দলের হয়ে কাজে লাগাতে পারবেন। বৈভব বলেন, 'এখানকার পিচ এবং পরিবেশ সম্পর্কে আমার ভাল ধারণা আছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের অভিজ্ঞতা থেকে যা শিখেছি, সেটা এবার ম্যাচে প্রয়োগ করার চেষ্টা করব। নিজের অনুশীলন এবং খেলার ধরনেই ভরসা রাখব। দলের জন্য যতটা সম্ভব অবদান রাখাই আমার লক্ষ্য। এই মাঠে আগে দু'টি ম্যাচ খেলেছি। ভাল রেজাল্ট পেয়েছি। সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।' বৃহস্পতিবার অভিষেক শর্মার সঙ্গে ওপেন করবেন বৈভব।