আজকাল ওয়েবডেস্ক: তিন ম্যাচ ডাগআউটে বসে কাটানোর পর, অবশেষে অভিষেক হতে চলেছে বৈভব সূর্যবংশীর? শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচ ভারতের। সেই ম্যাচে কি ওপেন করতে দেখা যাবে ১৫ বছরের বিস্ময় বালককে? সোশ্যাল মিডিয়ায় তেমনই ইঙ্গিত দেন তরুণ প্রতিভা। বলেন, ভারতের জার্সি পরার সময় চলে এসেছে। ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন বিধ্বংসী ব্যাটার। সেখানে লেখেন, 'নতুন পর্ব'। দ্বিতীয় টি-২০ ম্যাচের আগে এই পোস্ট ইঙ্গিতপূর্ণ। সিনিয়র দলের হয়ে অভিষেকের কথা জানালেন বৈভব? 

আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজে দলে জায়গা পাননি। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচেও দলে ছিলেন না। যদিও শেষপর্যন্ত পুরো খেলা হয়নি। বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায় ম্যাচ। দ্বিতীয় টি-২০ ম্যাচের আগে ভারতীয় দলের কোচিং স্টাফদের আচরণে মনে হয়েছিল, দেশের জার্সিতে অভিষেকের জন্য আরও অপেক্ষা করতে হবে সূর্যবংশীকে। কারণ একদিন আগেই টিম ইন্ডিয়ার বোলিং কোচ মর্নি মরকেল সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিষাণদের পাশে থাকার বার্তা দেন। 

মরলেন বলেছিলেন, 'আমাদের ভুললে চলবে না টি-২০ ক্রিকেটের একনম্বর ব্যাটার অভিষেক শর্মা আমাদের দলে আছে। সবাই জানি সঞ্জু বিশ্বকাপের সেরা প্লেয়ার। আইপিএলে ভাল খেলেছে। একজন কোচিং স্টাফ হিসেবে আমার মনে হয়, প্লেয়ারদের ওপর আস্থা রাখা উচিত এবং ওদের পাশে দাঁড়ানো উচিত। জানি একজন তরুণ ক্রিকেটার দরজায় কড়া নাড়ছে। তবে শুধু প্রথম দু'জন প্লেয়ারের জন্য নয়, বাকিদের ওপরও আমাদের আস্থা রাখতে হবে। এটা ওদের ভরসা যোগাবে।' তবে পাশাপাশি জানিয়ে রাখেন, অভিষেকের জন্য তৈরি বৈভব। 

ভারতের নেটে সূর্যবংশীর ব্যাটিংয়ের রিল ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মাত্র কয়েকটি নেট সেশনে উঠতি প্রতিভা যে টিম ইন্ডিয়ার সঙ্গে মানিয়ে নিয়েছে, সেটা জানান মরকেল। টিম ইন্ডিয়ার শেষ তিন ইনিংসের একটিতে অর্ধশতরান, একটিতে ৪৯ রান করেন অভিষেক। কিন্তু ডাহা ব্যর্থ সঞ্জু। তাঁর রান ৫, ০ এবং ১। তাসত্ত্বেও তাঁর ওপরই আস্থা রাখার ইঙ্গিত দেওয়া হয়েছিল। সঞ্জু না বৈভব, গত চার-পাঁচ দিন ধরে এই তর্ক চলছে। তাতে মতামত দিচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তারমধ্যে অধিকাংশই ভারতের জার্সিতে বৈভবকে দেখতে চায়। আগেরদিন দেশের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবও সূর্যবংশীকে সুযোগ দেওয়ার পরামর্শ দেন। এবার কি টনক নড়বে গৌতম গম্ভীর, শ্রেয়স আইয়ারদের? বৈভবের পোস্ট তেমনই ইঙ্গিত দিচ্ছে।