আজকাল ওয়েবডেস্ক: বয়স মাত্র ১৫। মাত্র দু'বছর হল আইপিএল খেলছেন। কিন্তু এই স্বল্প সময়ের মধ্যেই বৈভব সূর্যবংশী বিশ্বমানের বোলারদের কাছে দুঃস্বপ্ন হয়ে উঠেছেন।

তিনি বর্তমানে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছেন যে লর্ডসে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যে টেস্ট ম্যাচ চলাকালীন ধারাভাষ্যকাররা তাঁকে নিয়েই আলোচনা করছেন। আর এবার ইতিহাস গড়ে ফেললেন বৈভব।

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সিনিয়র দলে সুযোগ পেলেন তিনি। পিছনে ফেললেন সচিন তেন্ডুলকারকে। সচিনের সিনিয়র দলে অভিষেক হয়েছিল ১৭ বছর বয়সে।

বৈভব এই কীর্তি গড়লেন ১৫ বছর বয়সেই। আয়ারল্যান্ড, ইংল্যান্ড এবং এশিয়ান গেমসে ভারতের টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন বৈভব। বিশ্বকাপের পর ভারতীয় টি-টোয়েন্টি দল নতুন করে সাজানো হয়েছে।

নতুন অধিনায়ক হয়েছেন শ্রেয়স আইয়ার। তবে চমক হিসেবে উঠে এসেছেন বৈভবই। ইন্ডিয়া-এ দলের হয়ে শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছেন বৈভব। তবে আইপিএলের পরেই বৈভবের জন্য সুখবর এল। ভারতের সিনিয়র দলে সুযোগ পেলেন তিনি।

আগামী মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ রয়েছে ভারতের। পাশাপাশি, আয়ারল্যান্ডের বিরুদ্ধেও সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। এশিয়ান গেমসও রয়েছে চলতি বছর।

শনিবার একসঙ্গে দুটি সিরিজ এবং এশিয়ান গেমসের দল ঘোষণা করেছে বিসিসিআই। তিনটি সিরিজেই নাম রয়েছে বৈভব সূর্যবংশীর। অন্যদিকে, নতুন অধিনায়ক হিসেবে শ্রেয়স আইয়ারের নাম ঘোষণা করেছে বোর্ড।

তবে এশিয়ান গেমস সহ বাকি দুটি সিরিজের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন বেশ কয়েকজন বিশ্বকাপার। তাঁদের গত বিশ্বকাপেও খেলতে দেখা গিয়েছে।

এর মধ্যে বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদব, অলরাউন্ডার হার্দিক পান্ডেয়া এবং রিঙ্কু সিং রয়েছেন। তবে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজে জায়গা করে নিয়ে চমকে দিয়েছেন বৈভব সূর্যবংশী।

 

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড:

শ্রেয়স আইয়ার, তিলক ভার্মা, রবি বিষ্ণোই, অভিষেক শর্মা, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, ইশান কিষাণ, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব এবং বৈভব সূর্যবংশী।

এশিয়ান গেমসের জন্য ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড:

শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক ভার্মা, রবি বিষ্ণোই, অভিষেক শর্মা, নীতীশ কুমার রেড্ডি, জসপ্রীত বুমরা, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, ইশান কিষাণ, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, শিবম দুবে, বরুণ চক্রবর্তী এবং বৈভব সূর্যবংশী।