আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচে ভারতের প্রথম একাদশ ঘোষণা হতেই চমকে ওঠে ক্রিকেটমহল। সাউদাম্পটনের রোজবোল স্টেডিয়ামে পঞ্চম টি-২০ তে তরুণ ওপেনার বৈভব সূর্যবংশীকে বাদ দিয়ে দলে ফেরানো হয়ে সঞ্জু স্যামসনকে। এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেন সুনীল গাভাসকর, রবি শাস্ত্রী, নাসের হোসেনের মতো প্রাক্তন ক্রিকেটাররা। তিন ম্যাচে সুযোগ পেয়েও বড় রান করতে পারেননি বৈভব। তাঁর স্কোর ছিল যথাক্রমে ১৪, ১৩ এবং ১৫। তবে এর আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ তে সুযোগ পেয়েও সঞ্জু স্যামসনের ব্যাট থেকে এসেছিল মাত্র ৫, ০ এবং ১ রান। ফলে সিরিজ ইতিমধ্যেই হাতছাড়া হওয়ার পর বৈভবকে আরও একটি সুযোগ দেওয়া হবে বলেই মনে করেছিলেন অধিকাংশ বিশেষজ্ঞ।
ভারত ইতিমধ্যেই সিরিজে ০-৩ ব্যবধানে পিছিয়ে পড়েছে। তাই পঞ্চম ম্যাচের রেজাল্ট সিরিজের ভাগ্য বদলাতে পারবে না। সেই কারণেই ভবিষ্যতের কথা মাথায় রেখে বৈভবকে খেলানোই বেশি যুক্তিযুক্ত বলে মত ছিল অনেকের। কারণ, ২৩ জুলাই থেকে শুরু হবে জিম্বাবোয়ে সিরিজ। টি-২০ সিরিজের দলে বৈভব রয়েছেন। কিন্তু সঞ্জু স্যামসনের নাম নেই। ধারাবাহিকতা বজায় রাখার দিক থেকেও বৈভবের খেলাই স্বাভাবিক সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছিল। টসের সময় ভারতের অধিনায়ক শ্রেয়স আইয়ার জানান, দলে দুটি পরিবর্তন করা হয়েছে। ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে সুযোগ পেয়েছেন সূর্যাংশ শেডগে এবং বৈভব সূর্যবংশীর জায়গায় ফিরেছেন সঞ্জু স্যামসন।
আইয়ার বলেন, 'আমরা দলের ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। কোন কম্বিনেশন আমাদের জন্য সবচেয়ে কার্যকর হবে, সেটাই এখন খুঁজে বের করার সময়। সেই ভাবনা থেকেই এই পরিবর্তন করা হয়েছে।' টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন শ্রেয়স। তার ব্যাখ্যায় ভারত অধিনায়ক বলেন, 'আজ বেশ হাওয়া বইছে। উইকেট খুব একটা বদলাবে না বলে মনে হচ্ছে। তাই আমরা আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছি।' পাশাপাশি তিনি দলের মানসিকতা নিয়েও বার্তা দেন। শ্রেয়স বলেন, 'আজ রেজাল্ট যাই হোক, আমরা একশো শতাংশ দেওয়ার চেষ্টা করব। অতীত নিয়ে না ভেবে, কিংবা ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন না হয়ে, ক্রিকেটারদের বর্তমান মুহূর্তে থেকে নিজেদের সেরাটা দেওয়ার দিকেই মন দিতে হবে।'
এদিকে ম্যাচের আগে সম্প্রচারকারী চ্যানেলের আলোচনায় সুনীল গাভাসকর এবং গ্রেম সোয়ান ভেবেছিলেন, ইশান কিষাণ হয়তো প্রথম একাদশে থাকবেন না। তাঁর জায়গায় দলে ফিরবেন সঞ্জু স্যামসন। কারণ ম্যাচের আগে হেড কোচ গৌতম গম্ভীরকে দীর্ঘ সময় ধরে ইশানের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল। তবে শেষপর্যন্ত বাদ পড়লেন বৈভব সূর্যবংশী, যা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।















