আজকাল ওয়েবডেস্ক: রিয়াল মাদ্রিদের অস্থিরতা কিছুতেই  কাটছেই না। কিলিয়ান এমবাপে দলে যোগ দেওয়ার পর গত দুই মরশুমে বড় কোনও খেতাব  জিততে পারেনি স্প্যানিশ জায়ান্টরা। মাঠের ব্যর্থতার পাশাপাশি এবার ড্রেসিংরুমেও অশান্তির ইঙ্গিত মিলেছে।

চোট কাটিয়ে মাঠে ফিরেই নতুন বিতর্কের জন্ম দিয়েছেন এমবাপে। কোচ আলভারো আরবেলোয়ার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে স্প্যানিশ সংবাদমাধ্যমে।

লা লিগার নিয়মরক্ষার ম্যাচে রিয়াল মাদ্রিদ ২-০ গোলে হারায় রিয়াল ওভিয়েদোকে। দলের হয়ে গোল করেন গনজালো গার্সিয়া ও জুড বেলিংহ্যাম। ম্যাচের ৬৯ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন এমবাপে। তবে মাঠে নামার সময় গ্যালারি থেকে দুয়োধ্বনি শুনতে হয় ফরাসি তারকাকে। সমর্থকদের একাংশের অভিযোগ, ক্লাবের প্রতি তাঁর দায়বদ্ধতা প্রত্যাশামতো নয়।

ম্যাচ শেষে অবশ্য সমর্থকদের প্রতিক্রিয়াকে স্বাভাবিকভাবেই নিয়েছেন এমবাপে। তবে প্রথম একাদশে জায়গা না পাওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।

এমবাপে বলেন, ''আমি শুরু থেকে খেলার জন্য একশো শতাংশ প্রস্তুত ছিলাম। কিন্তু কোচ আমাকে জানিয়েছেন, তাঁর কাছে আমি এখন দলের চতুর্থ পছন্দের স্ট্রাইকার। বিষয়টি আমি মেনে নিয়েছি। যতটুকু সময় পেয়েছি, সেটুকুই খেলেছি।''

ফরাসি তারকার এমন মন্তব্যের পরপরই প্রতিক্রিয়া জানান কোচ আরবেলোয়া। তিনি এমবাপের বক্তব্য পুরোপুরি অস্বীকার করেছেন।

আরবেলোয়া বলেছেন, ''আমার তো চারজন ফরোয়ার্ডই নেই। এমবাপেকে আমি এমন কিছু কখনও বলিনি। আমার কথা ভুল বুঝেছে এমবাপে। কোনও অবস্থাতেই আমি ওকে দলের চতুর্থ পছন্দের ফরোয়ার্ড বলিনি।''

এমবাপে–আরবেলোয়ার এই মন কষাকষি রিয়াল মাদ্রিদের অন্দরের পরিস্থিতিকে আরও আলোচনায় তুলে এনেছে। এখন দেখার বিষয়, ক্লাব কর্তৃপক্ষ পরিস্থিতি কীভাবে সামাল দেয়।