ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব - ১৩

দীপ্তি সংঘ ফুটবল ক্লাব - ০

আজকাল ওয়েবডেস্ক: ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের ম্যাচ মানেই গোলের বন্যা। বৃহস্পতিবার কন্যাশ্রী কাপের ম্যাচে এক ডজনের বেশি গোলে দীপ্তি সংঘ ফুটবল ক্লাবকে উড়িয়ে দিল বাংলার ফুটবলের নবজাতকরা।‌ ইউকেএসসির পক্ষে ম্যাচের ফলাফল ১৩-০। এদিন ম্যাচ শুরুর কিছুক্ষণ পর থেকেই মেঘাচ্ছন্ন আকাশ। ঝড়ের পূর্বাভাস ছিল। কিন্তু তার আগেই জিডি ব্লকের মাঠে ঝড় তুললেন অ্যানি তায়াং, তানিয়া কান্তি, কাই রুমিরা।‌ তাতেই‌ নিভে গেল দীপ্তি। সাত গোল অ্যানির। দুই গোল তানিয়া কান্তির। বাকি গোলগুলো রানি ভৌমিক, মিনি রায়, কাই রুমি এবং শাশ্বতী সরকারের। 

আরও একটি দুর্দান্ত ম্যাচ। দারুণ টিম কম্বিনেশন। ছোট ছোট পাস খেলে আক্রমণে ওঠা। একইসঙ্গে দুই উইং ব্যাকের ওভারল্যাপ। পাশাপাশি ব্যক্তিগত নৈপুণ্য। সাড়ে চার মাস ধরে প্র্যাকটিস করছে ইউকেএসসির‌ মেয়েদের দল। পুজোর পর থেকে প্রস্তুতি শুরু। তার ফল মিলল প্রথম দুই ম্যাচে। চাঁদনী স্পোর্টিং ক্লাবের পর দীপ্তি সংঘ ফুটবল ক্লাব। পরপর দুই ম্যাচে দাপুটে জয় ইউনাইটেড কলকাতা ফুটবল ক্লাবের। প্রথমার্ধে ছয় গোল। দ্বিতীয়ার্ধে আরও সাত। খেলার শুরু থেকেই মুড়িমুরকির মতো গোল। ২০ মিনিটের মধ্যে তিন গোলে এগিয়ে যায় ইউকেএসসি। ম্যাচের ২ মিনিটে প্রথম গোল। গোল করেন রানি ভৌমিক। ম্যাচের ১০ মিনিটের মাথায় ২-০। ব্যবধান বাড়ান অ্যানি তায়াং। ম্যাচের ১৯ মিনিটে ৩-০। গোল করেন মিনি রায়। তারপর কিছুক্ষণ বিরতি। তবে এই সময়ও মিসের বহর ইউকেএসসির।‌ বিরতির আগেই অন্তত দশ গোল হতে পারত। কিন্তু মিস করেন অনিতা, কাইরা।‌ চতুর্থ গোলের জন্য ৪১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। ৪-০ করেন অ্যানি। প্রথমার্ধেই হাফ ডজন গোল। ম্যাচের ৪৫+২ মিনিটে পাঁচ নম্বর। তানিয়া কান্তির শট গোলকিপারের হাতে লেগে তেকাঠিতে ঢোকে। বিরতির ঠিক আগে ৬-০ করেন তিনিই। ৪৫+৩ মিনিটে তাঁর দ্বিতীয় এবং দলের ষষ্ঠ গোল। 

প্রথমার্ধে যেখানে শেষ করেছিল, দ্বিতীয়ার্ধে ঠিক সেখান থেকেই শুরু করে প্রশান্ত ভট্টাচার্যের দল। বিরতির পর কোচের স্ট্র্যাটেজি পরিবর্তনে আক্রমণ আরও বাড়ে ইউনাইটেডের। ম্যাচের ৫৯ মিনিটে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন অ্যানি। দলের সপ্তম গোল। কাইয়ের পাস থেকে গোল করেন অরুণাচলের ফুটবলার। তার দু'মিনিটের মধ্যেই ৮-০ করেন অ্যানিই। তার সাত মিনিট পরই নবম গোল। ডান পায়ের দূরপাল্লার শটে গোল করেন অনিতা কুমারী।

শেষদিকে ইউকেএসসিকে সামলাতে হিমসিম খায় প্রতিপক্ষ। ম্যাচের ৬৯, ৭৯ এবং ৮২ মিনিটে আরও তিন গোল অ্যানির। ১ মার্চ মাতৃবিয়োগ হয় অরুণাচলের ফুটবলারের। এদিন ম্যাচের সেরার পুরস্কার মাকে উৎসর্গ করেন অ্যানি। খেলার ৮৭ মিনিটে দীপ্তি সংঘের কফিনে শেষ পেরেক পোঁতেন শাশ্বতী সরকার।

কন্যাশ্রী কাপের প্রিমিয়ার ডিভিশন এ-র প্রথম দুই ম্যাচে ২২ গোল। আইডব্লুএল টুয়ের যোগ্যতা অর্জনের লক্ষ্যে সঠিক দিশাতেই এগোচ্ছে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। তাসত্ত্বেও দলের খেলায় পুরোপুরি খুশি নন কোচ প্রশান্ত ভট্টাচার্য। গোল সংখ্যাকে অতিরিক্ত গুরুত্ব দিতে চান না। লক্ষ্য আরও ভাল ফুটবল উপহার দেওয়া। প্রশান্ত ভট্টাচার্য বলেন, 'দলের বেশিরভাগ ফুটবলার আইডব্লুএল, কন্যাশ্রী কাপ খেলেছে। ভারতীয় দলের প্রাক্তন প্লেয়ারও আছে। আমি প্লেয়ারদের বলেছিলাম, আমি সবসময় জিততে চাই। তবে ভাল খেলার সঙ্গে তিন পয়েন্টে চাই। সবসময় দৃষ্টিনন্দন ফুটবলের সঙ্গে তিন পয়েন্ট দরকার। আমরা প্রথমার্ধে ছয় গোলে জিতলেও আমার খেলা পছন্দ হচ্ছিল না। দ্বিতীয়ার্ধে ভাল ফুটবল খেলেছে। ভবিষ্যতে আরও ভাল খেলতে হবে। আমি যে খেলা চাই, এখনও সেটা পাইনি।' তিন ম্যাচ জিতলে পরবর্তী পর্বের ছাড়পত্র পাবে ইউনাইটেড। চ্যাম্পিয়নশিপের দৌড়ে যাওয়ার বিষয়ে আশাবাদী প্রশান্ত ভট্টাচার্য। রবিবার শ্রীভূমির বিরুদ্ধে পরের ম্যাচ। তার আগে বিরাট জয়ে মোটিভেশন বাড়বে ইউকেএসসির মেয়েদের।