ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব: ১৭
মৈত্রী সংঘ: ০
আজকাল ওয়েবডেস্ক: পাঁচে পাঁচ। গোলের বন্যা বইয়ে দিল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। শনিবার কন্যাশ্রী কাপ প্রিমিয়ার ডিভিশন এ–র ম্যাচে ইউকেএসসি ১৭–০ গোলে উড়িয়ে দিল মৈত্রী সংঘকে।
৫ ম্যাচে ৪৯ গোল। পয়েন্ট ১৫। চ্যাম্পিয়নশিপ রাউন্ডে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। মঙ্গলবার খেলা ছিল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। কিন্তু আপাতত এই ম্যাচ খেলতে রাজি নয় লাল–হলুদ। কারণ তাঁদের একাধিক ফুটবলার শিবিরে রয়েছে। তাই ওই ম্যাচ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
ম্যাচে পাঁচ গোল দিয়ে সেরার পুরস্কার ফরোয়ার্ড তনুশ্রী রায়ের। ম্যাচের প্রথমার্ধে ১১–০ গোলে এগিয়ে ছিল ইউকেএসসি। দ্বিতীয়ার্ধে এল আরও ছয় গোল। গোলের শুরু ম্যাচের ৭ মিনিটে। দলকে এগিয়ে দেন নিতু লিন্ডা। তিনি হ্যাটট্রিক করেছেন। আর প্রথমার্ধের ৯ মিনিট থেকে ৩৭ মিনিটের মধ্যে নিজের পাঁচ গোল সম্পন্ন করেন তনুশ্রী রায়। লিন্ডা ছাড়াও হ্যাটট্রিক করেন তানিয়া কান্তি। এছাড়া একটি করে গোল করেছেন কাই রুমি, অনিতা কুমারী, ক্রেটিনা সাংমা, অধিনায়ক মিনি রায়, পরিবর্ত হিসেবে নামা মিনা খাতুন ও জ্যোতি শর্মা।

আগামী মঙ্গলবারের ইস্টবেঙ্গল ম্যাচের কথা ভেবে ইউকেএসসি কোচ প্রশান্ত ভট্টাচার্য শনিবার প্রথম একাদশের অনেককেই বিশ্রাম দিয়েছিলেন। কিন্তু সেই ম্যাচ আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত। তবুও বড় ব্যবধানে জয় আটকায়নি। বেশ কিছু সুযোগ নষ্ট না হলে জয়ের ব্যবধান আরও বাড়ত।
স্বপ্নের গতিতে এগোচ্ছে ইউকেএসসি। শনিবার দলকে সমর্থন জানাতে বহু ইউকেএসসি সমর্থক মাঠে এসেছিলেন। এটা অবশ্য গত দু’বছর ধরেই দেখা যাচ্ছে। সদ্য কলকাতা ফুটবলে পা রাখা দলটির প্রতি ম্যাচেই বহু সমর্থক ও কর্তারা মাঠে উপস্থিত থাকেন। ফুটবলারদের উৎসাহিত দেন। এটাই ইউকেএসসি’র ইউএসপি। শনিবারের ম্যাচেও বহু ইউকেএসসি ভক্ত প্রিয় দলকে সারাক্ষণ সমর্থন জানিয়ে গেলেন।
এর আগের ম্যাচে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে ৯–০ গোলে হারিয়েছিল ইউকেএসসি। হ্যাটট্রিক করেছিলেন অনিতা কুমারী। আর শনিবার একাই পাঁচ গোল করলেন তনুশ্রী রায়। আর জোড়া হ্যাটট্রিক করলেন নিতু লিন্ডা ও তানিয়া কান্তি।
















