আজকাল ওয়েবডেস্ক: ভারতীয়, তথা বাংলার ফুটবলে দৃষ্টান্ত সৃষ্টি করেছে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। আবির্ভাবেই বাজিমাত। কলকাতা লিগের এ ডিভিশিন চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার ডিভিশনের যোগ্যতা অর্জনের পর মেয়েদের ফুটবলেও জয়জয়কার। কন্যাশ্রী কাপ বি ডিভিশনে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার ডিভিশন এ-তে খেলার ছাড়পত্র সংগ্রহ করেছে ইউকেএসসি। আগামী সপ্তাহ থেকে কন্যাশ্রী কাপে যাত্রা শুরু হবে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের মেয়েদের। তার আগে আরও একটি অভিনব উদ্যোগ। কলকাতা ময়দানে যা সচরাচর দেখা যায় না। ফুটবল মরশুম শুরুর আগে ক্লাবের জিডি গ্রাউন্ডে সাড়ম্বরে হল ভূমি পুজো। পুজোয় অংশ নেন দলের অধিনায়ক পূজা কর্মকার এবং সহ অধিনায়ক মিনি রায়।

কন্যাশ্রী কাপে সাফল্য কামনায় বুধবার সকালে প্রার্থনায় সামিল ইউকেএসসির মেয়েদের দল এবং কোচ প্রশান্ত ভট্টাচার্য। ছিলেন প্রতিষ্ঠাতা এবং ক্লাব সচিব দেবদূত রায়চৌধুরী সহ অন্যান্য আধিকারিকরা। ক্লাবের জন্মলগ্নেই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেছিলেন। এবার কন্যাশ্রী কাপের প্রিমিয়ার ডিভিশন জিতে আইডব্লিউএল টু-র ছাড়পত্র সংগ্রহ করা লক্ষ্য।
আগেরবার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি এক ম্যাচে ২৭ গোলের নজির ছিল। টুর্নামেন্টে মোট গোল ৯৭। হজম করে মাত্র ১ গোল। মরশুম শুরুর আগেই লক্ষ্য স্থির করে ফেলেছেন পূজা কর্মকার, মিনি রায়রা। ইউকেএসসির কোচ প্রশান্ত ভট্টাচার্য বলেন, 'আমাদের লক্ষ্য আইডব্লুএল টুয়ের ছাড়পত্র সংগ্রহ করা। আমরা মেয়েদের কাছে সেই বার্তা পৌঁছে দিয়েছি। আমাদের ক্লাব সবরকম সাহায্য করছে। পরিকাঠামো উন্নতমানের। আমাদের আইডব্লুএল টুয়ের ছাড়পত্র সংগ্রহ করা উচিত। না পারলে সেটা আমাদের ব্যর্থতা। আমাদের গ্রুপে ইস্টবেঙ্গল, শ্রীভূমির মতো দল আছে। ওরা আইডব্লুএলের দল। বড় দল। ওদের সঙ্গে আমাদের লড়াই করতে হবে। প্রত্যেক ম্যাচে তিন পয়েন্ট চাই।' আইডব্লিউএল, কন্যাশ্রীতে খেলা কিছু সিনিয়র প্লেয়ারদের সঙ্গে জুনিয়রদের মিশ্রণে গতবছর সাফল্যে এসেছিল। এবার দলে বেশ কিছু পরিবর্তন হয়েছে। আইডব্লিউএল ওয়ান থেকে কয়েকজন ফুটবলার দলে যোগ দিয়েছেন। এদের মধ্যে আছেন অনিতা কুমারী, নীতু লিন্ডা, মিনি রায়, রত্না হালদার। তবে চোটের জন্য ছিটকে গিয়েছেন দলের আগেরবারের সর্বোচ্চ গোলদাতা দেবনীতা রায়।
টেকনো ইন্ডিয়া গ্রুপের হেড অফ স্পোর্টস ধীরাজ পরাশর বলেন, 'মেয়েদের ফুটবলে অনেক সুযোগ আছে। ক্রমশ সম্প্রসারিত হচ্ছে। আশা করছি এবার আমরা চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী পর্যায় পৌঁছতে পারব। ইউকেএসসির ছেলেদের দল ধারাবাহিক ফুটবল খেলে। আমাদের লক্ষ্য আই লিগে খেলা।' আগের বছর ৯৭ গোলে আটকে গিয়েছিল দল, এবার গোলের সেঞ্চুরি করা লক্ষ্য অধিনায়ক পূজা কর্মকারের। একইসঙ্গে টার্গেট থাকবে ক্লিনশিট রাখার। কন্যাশ্রী কাপে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের গ্রুপে আছে ইস্টবেঙ্গল, শ্রীভূমি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, চাঁদনী এসি প্রমুখ। এবার নিজেদের ঘরের মাঠে কন্যাশ্রী কাপের ম্যাচ খেলবে ইউকেএসসি। ১৭-১৮ মার্চ নাগাদ জিডি গ্রাউন্ডে তাঁদের প্রথম ম্যাচ। বৃহস্পতিবার সরোজিনী নাইডু ওরিয়ন স্পোর্টস ক্লাবের সঙ্গে ম্যাচ সাদার্ন সমিতির। কিন্তু ওয়াকওভার পাওয়ার জন্য মাঠে বল গড়াবে না। ১৫ মার্চ সল্টলেকের জিডি গ্রাউন্ডে কন্যাশ্রী কাপের প্রথম ম্যাচ। মুখোমুখি পুলিশ এসি এবং জ্যোতির্ময় ক্লাব। বাংলার ফুটবলে ফিনিক্স পাখি ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। একের পর এক ইতিহাস সৃষ্টি করে চলেছে বাংলার ফুটবলের নবজাতক।
