আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি তুঙ্গে। এবার নিজেদের মধ্যে ইন্ট্রা স্কোয়াড ম্যাচ খেলে তাতে তুলির টান দেবেন শুভনিন গিলরা। কেন্টের বেকেনহ্যামে চার দিনের ম্যাচে ভারতীয় এ দলের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে এই একটাই ম্যাচ খেলবে ভারতীয় দল। তবে এই ম্যাচ দেখার অনুমতি নেই দর্শকদের। ক্লোজড ডোর সেশনের ডাক দেন গৌতম গম্ভীর। ট্যাকটিকাল বিষয়গুলো যাতে প্রকাশ্যে না আসে। ইউরোপের ফুটবল ক্লাবগুলোতে এমন চল আছে। অস্ট্রেলিয়ায়ও এমনই করেন ভারতের হেড কোচ। তবে ম্যাচ শুরুর দিন হয়ত থাকতে পারবেন না গম্ভীর। টিম ইন্ডিয়ার হেড কোচের মা অসুস্থ। দিল্লির একটি হাসপাতালে ভর্তি। মাকে দেখতে তড়িঘড়ি ভারতে ফিরতে হয়েছে গম্ভীরকে।
রোহিত শর্মা এবং বিরাট কোহলির অনুপস্থিতিতে টিম ইন্ডিয়ার সামনে বড় চ্যালেঞ্জ। সিরিজ শুরুর আগেই দলের জন্য লক্ষ্য সেট করে দেন গম্ভীর। বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবিচন্দ্রন অশ্বিনকে ছাড়া কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের মাটিতে তেমন নজরকাড়া পারফরম্যান্স নেই ভারতীয় দলের। এবার আরও বেশি চাপ নিয়ে খেলতে নামবেন শুভমন গিলরা। তবে গম্ভীর চান, তরুণরা সুযোগের সদ্ব্যবহার করুক। কে নেই না ভেবে, মাঠে নেমে সেরাটা দিক।
















