আজকাল ওয়েবডেস্ক: প্রায় দেড় যুগ পরে ফিরতে চলেছে আফ্রো–এশিয়া কাপ। আফ্রিকান ক্রিকেট সংস্থা ও এশিয়ান ক্রিকেট সংস্থার মধ্যে এ নিয়ে আলোচনা হয়েছে বলেই খবর। শেষ পর্যন্ত যদি সব ঠিকঠাক থাকে তাহলে ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের একই দলের হয়ে খেলতে দেখা যাবে।
দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ ইদানীং আর হয় না। আইসিসি ইভেন্টে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। আফ্রো-এশিয়া কাপ শেষ পর্যন্ত হলে রোহিত শৎ্মা, বিরাট কোহলিদের সঙ্গে একই দলে খেলতে দেখা যাবে বাবর আজম, শাহিন আফ্রিদিদের। যা ক্রিকেট ভক্তদের জন্য দারুণ খবর।
এসিএ-র বার্ষিক সাধারণ সভায় ৬ সদস্যের অন্তবর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে আইসিসির পূর্ণাঙ্গ সদস্য দেশ ১২টি। এর মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কা এশিয়ার প্রতিনিধি।
ইউরোপের দেশ ইংল্যান্ড ও আয়ারল্যান্ড। ওশেনিয়া অঞ্চলের প্রতিনিধি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ক্যারিবিয়ান অঞ্চলের দল ওয়েস্ট ইন্ডিজ। আফ্রিকা অঞ্চলে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ের পাশাপাশি কেনিয়াও একসময় নিয়মিত খেলত।
দেড় যুগ পর টুর্নামেন্টের বল যদি আবার গড়ায় তাহলে ভারত-পাক ক্রিকেটাররা একযোগে একদলে খেলবেন।
















