আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তারা আটকে পড়েছে কলকাতায়। দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। 
পশ্চিম এশিয়া অশান্ত। তার ফলে বিঘ্নিত হয়েছে বিমান পরিষেবা। বেশ কয়েকটি দেশের বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। সেই কারণেই ক্যারিবিয়ান ক্রিকেটাররা কলকাতা ছাড়তে পারলেন না। 

পশ্চিম এশিয়ায় কার্যত যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। ইরান এবং ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতে চরম অস্থিরতা দেশে দেশে। এহেন উত্তপ্ত পরিস্থিতির জেরে বড়সড় পদক্ষেপ করল সংযুক্ত আরব আমিরাত। নিরাপত্তার জন্য দেশের আকাশসীমা আংশিকভাবে বন্ধ করার কথা ঘোষণা করেছে সে দেশের বিমান পরিবহণ নিয়ামক সংস্থা (জিসিএএ)। এর ফলে এমিরেটস ও ফ্লাইদুবাই-সহ একাধিক নামী বিমান সংস্থার উড়ান পরিষেবা কার্যত থমকে গিয়েছে।

যাত্রীবাহী বিমানের জন্য পুরোপুরি বন্ধ রয়েছে দুবাই ও দোহা এয়ারপোর্ট। আর আবু ধাবি বিমানবন্দর থেকে যাতায়াত করছে হাতে গোনা কয়েকটি দেশের যাত্রীবাহী বিমান।

এই বিঘ্নিত বিমান পরিষেবার জন্য ক্যারিবিয়ান ক্রিকেটাররা কলকাতা ছাড়তে পারলেন না। 

এদিকে,টি–টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের নকআউট ম্যাচে দুর্দান্ত জয়ের পর ভারতের উইকেটকিপার ব্যাটার সঞ্জু স্যামসনকে প্রশংসায় ভাসিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ।

রবিবার কলকাতার ইডেন গার্ডেন্সে হাইভোল্টেজ ম্যাচে পাঁচ উইকেটের জয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। ডু অর ডাই ম্যাচে ১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অপরাজিত ৯৭ রানের ঝলমলে ইনিংস খেলেন স্যামসন। মাত্র ৫০ বলে খেলা এই ইনিংসই ম্যাচ ক্যারিবিয়ানদের হাত থেকে ছিনিয়ে নেয়। অলিখিত কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া।