আজকাল ওয়েবডেস্ক: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। ফাইনালে নামছে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। টি–২০ বিশ্বকাপের ফাইনাল হবে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
রবিবার রাতে জিতলেই ইতিহাসের পাতায় উঠে যাবেন সূর্যরা। পরপর দু’বার জিতে যাবেন টি–২০ বিশ্বকাপ। সব মিলিয়ে তিন বার। সেই কৃতিত্বও কোনও দলের নেই।
তবে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিউজিল্যান্ডের ব্যাটিং তাণ্ডব উদ্বেগে রেখেছে গৌতম গম্ভীরকে।
সূত্রের খবর, টিম সেইফার্ট–ফিন অ্যালেনের আগ্রাসী ব্যাটিংয়ের কথা মাথায় রেখে বিশ্বকাপ ফাইনালের প্রথম একাদশ নির্বাচন করছেন গৌতম গম্ভীর। দলের ব্যাটিং গভীরতা বৃদ্ধির কথা ভাবা হচ্ছে। ব্যাটিং গভীরতা ভাল হলে কী হতে পারে, তা ওয়াংখেড়েতে দেখিয়ে দিয়েছে ইংল্যান্ড। একই সঙ্গে ভারতীয় শিবিরকে ভাবতে হচ্ছে বোলিং আক্রমণের কথাও। ফাইনালে ভারতের প্রথম একাদশে দু’টি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
ওপেনার অভিষেক শর্মা রানে নেই। চলতি বিশ্বকাপে মাত্র একটি অর্ধশতরান। সেটাও জিম্বাবোয়ের বিরুদ্ধে। তিনি টি–২০ ফর্ম্যাটে এক নম্বর ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পর তাঁর সঙ্গে আলাদাভাবে কথা বলেছিলেন কোচ গম্ভীর। এটা ঘটনা, অভিষেককে নিয়ে কোচ খুশি নন। সূত্রের খবর, ফাইনালের মতো ম্যাচে অভিষেককে খেলিয়ে আর ঝুঁকি নিতে চাইছেন না গম্ভীর। রান না পাওয়ায় অভিষেকের আত্মবিশ্বাসে ঘাটতি তৈরি হয়েছে। প্রভাব পড়ছে ফিল্ডিংয়ে। সহজ সহজ ক্যাচ ফেলছেন। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ম্যাচের দিন সকালে।
ভারতীয় শিবির সূত্রে খবর, ফাইনালে ওপেনিং জুটি বদল করতে পারে টিম ইন্ডিয়া। প্রথম একাদশ থেকে বাদ পড়তে পারেন অভিষেক। সেক্ষেত্রে সঞ্জু স্যামসনের সঙ্গে ইনিংস শুরু করবেন ঈশান কিষান। ব্যাটিং অর্ডারের তিন নম্বরে থাকবেন তিলক বর্মা। চার নম্বরে অধিনায়ক সূর্যকুমার যাদব নামবেন। পাঁচ নম্বরে হার্দিক পাণ্ডিয়া। ব্যাটিং অর্ডারের ছ’নম্বরে থাকবেন আর এক অলরাউন্ডার শিবম দুবে। বল হাতে ভরসা দিতে না পারলেও বিশ্বকাপে বেশ ভাল ব্যাট করছেন শিবম। ব্যাটিং অর্ডারের সাত নম্বরে দেখা যেতে পারে রিঙ্কু সিংকে। আট নম্বরে নামবেন সহ–অধিনায়ক অক্ষর প্যাটেল।
প্রথম একাদশের শেষ তিনটি জায়গা বিশেষজ্ঞ বোলারদের। এখানেই হতে পারে আসল পরিবর্তন। অভিষেকের মতো বরুণ চক্রবর্তীও ভারতীয় শিবিরকে উদ্বেগে রেখেছেন। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬৪ রান দিয়েছেন। তবে বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ১৩টি উইকেট নিয়েছেন টি–২০ ক্রিকেটে বিশ্বের এক নম্বর বোলার। তবুও তাঁর জায়গা নিশ্চিত নয়। তাঁর জায়গায় খেলতে পারেন কুলদীপ যাদব। ওয়াশিংটন সুন্দরের ব্যাটের হাত ভাল হলেও বিবেচিত হচ্ছে মূলত বোলিং। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আমেদাবাদের উইকেটে সাফল্য পাননি। তাই বরুণের জায়গায় প্রথম একাদশে আসতে পারেন কুলদীপ।
দুই জোরে বোলারের জায়গা নিয়ে অবশ্য সংশয় নেই। জসপ্রীত বুমরা এবং অর্শদীপ সিং খেলবেন ফাইনালে।
