আজকাল ওয়েবডেস্ক:‌ টি–২০ বিশ্বকাপে চূড়ান্ত সুপার এইটের ছয় দল। ভারতের পাশাপাশি বিশ্বকাপে এখনও অপরাজিত অন্যতম আয়োজক শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ। এই তিন দলই চলে গিয়েছে সুপার এইটে। এছাড়াও সুপার এইটে উঠে গেছে, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। 


তবে টি–২০ বিশ্বকাপের দুই প্রাক্তন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং পাকিস্তান আদৌ সুপার এইটে যেতে পারবে কিনা, সেই নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।


মঙ্গলবার ষষ্ঠ দল হিসাবে বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নিল নিউজিল্যান্ড। কানাডার বিরুদ্ধে খেলতে নেমেছিলেন মিচেল স্যান্টনাররা। দুর্বল প্রতিপক্ষ হলেও প্রথমে ব্যাট করে ১৭৩ রান তোলে কানাডা। কনিষ্ঠতম হিসাবে টি–২০ বিশ্বকাপে সেঞ্চুরি করেন যুবরাজ সামরা। এই বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিটিও এল তাঁর ব্যাট থেকে। তবে কানাডার অন্যান্য ব্যাটাররা সেভাবে রান তুলতে পারেননি।


১৭৪ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই দুই উইকেট হারায় কিউয়িরা। ওপেনার টিম সাইফার্ট এবং ফিন অ্যালেন ফিরে যান প্যাভিলিয়নে। কিন্তু কিউয়ি ইনিংসের হাল ধরেন রাচীন রবীন্দ্র এবং গ্লেন ফিলিপস। দু’জনেই হাফসেঞ্চুরি হাঁকান। শেষ পর্যন্ত ২৯ বল বাকি থাকতে ম্যাচ জেতে নিউজিল্যান্ড। চলতি বিশ্বকাপে চার ম্যাচ খেলে তিনটিতে জিতেছেন স্যান্টনাররা। ৬ পয়েন্ট নিয়ে সুপার এইট নিশ্চিত করে ফেলেছে কিউয়িরা।


কিউয়িদের গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকাও উঠে গিয়েছে সুপার এইটে। ফলে গতবারের সেমিফাইনালিস্ট আফগানিস্তানের যাত্রা এবার গ্রুপ পর্বেই শেষ হয়ে গেল। অন্যদিকে, ধুঁকতে ধুঁকতে হলেও সুপার এইট নিশ্চিত করে ফেলেছে ইংল্যান্ড। কিন্তু জটিল হয়েছে অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের অঙ্ক। শ্রীলঙ্কা এবং জিম্বাবোয়ের কাছে হেরে অজিদের বিশ্বকাপ স্বপ্ন প্রায় শেষ। অঙ্কের বিচারে টিমটিম করে কিছুটা সম্ভাবনা রয়েছে তাদের। তবে তুলনামূলক সহজ অঙ্ক পাকিস্তানের সামনে। শেষ ম্যাচে নামিবিয়াকে হারালেই সুপার এইটে জায়গা করে নেবেন বাবর আজমরা। তবে হারলেই বিশ্বকাপ থেকে বিদায়। এটা ঘটনা, ২০২৪ সালেও সুপার এইটে উঠতে পারেনি পাকিস্তান।