আজকাল ওয়েবডেস্ক: মেগা ফাইনালের আগে পিচ নিয়ে জোর চর্চা চলছে। এবার সেই বিতর্ক থামিয়ে দিলেন সূর্যকুমার যাদব। স্পষ্ট জানিয়ে দেন, তাঁর দল যেকোনো পিচে খেলতে তৈরি। মাটির রং যাই হোক না কেন। শোনা যায়, ভারতীয় টিম ম্যানেজমেন্টের হস্তক্ষেপে বদলানো হয়েছে পিচ। এবার যাবতীয় চর্চা বন্ধ করে দেন স্কাই। জানান, চলতি বিশ্বকাপে লাল এবং কালো মাটির পিচে ভাল খেলেছে ভারতীয় দল। তবে ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে দাবি করেন, তিনি এখনও ভালভাবে পিচ দেখেননি। সূর্যকুমার বলেন, 'আমি এখান থেকে গিয়ে পিচ দেখব। ড্রেসিংরুম থেকে সরাসরি সাংবাদিক সম্মেলনে এসেছি। আমাদের কয়েকজন প্লেয়ার এবং স্টাফ মেম্বার মাঠে আছে। দেখব আমরা কাল কী ধরনের পিচে খেলব। আমাদের ফাইনাল খেলতেই হবে। যে মাটির পিচ হোক না কেন। এই টুর্নামেন্টে আমরা লাল এবং কালো মাটির পিচে খেলেছি। দুই ধরনের পিচেই আমরা ভাল খেলেছি। তাই আমাদের পিচ নিয়ে কোনও সমস্যা নেই।'

বিগ ফাইনালে অধিকাংশ সময় অত্যধিক মানসিক চাপ এড়াতে টসে জিতলে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অধিনায়করা। বোর্ডে বড় রান খাড়া করে বিপক্ষকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চায়। চলতি বিশ্বকাপে অধিকাংশ ম্যাচে প্রথমে ব্যাট করে জিতেছে ভারত। মাত্র দু'বার রান তাড়া করতে হয়েছে। তারমধ্যে একবার হেরেছে, একবার জিতেছে। ফাইনালে টসে জিতলে কী করতে চাইবেন সূর্য? নির্দিষ্ট কিছু জানাতে চাননি। দাবি করেন, দুই ক্ষেত্রেই ভারত জিতেছে। সূর্যকুমার বলেন, 'আমরা দুটোর জন্যই তৈরি। আমরা রান তাড়া করেও জিতেছি। আমরা প্রথমে ব্যাট করেও জিতেছি। নিউজিল্যান্ড ট্যাকটিক্যাল দল। ওরা প্ল্যানমাফিক খেলে। আমরা নিজেদের ক্রিকেটে ফোকাস করছি। ভাল ক্রিকেট খেলতে চাই।' 

টি-২০ বিশ্বকাপে প্রথম অধিনায়ক হিসেবে খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ সূর্যের সামনে। এখনও পর্যন্ত কোনও দল পরপর বিশ্বকাপ জেতেনি। ঘরের মাঠে কোনও দলের বিশ্বকাপ জেতারও নজির নেই। গত দুই বছরে দারুণ অধিনায়কত্ব করেছেন সূর্য। যদিও এই সময় ব্যাটার‌ হিসেবে বিশেষ অবদান রাখতে পারেননি। বিশেষ করে বড় দলগুলোর বিরুদ্ধে বিশেষ দিনে। রবিবার সেই পরিসংখ্যান বদলানোর সুযোগ তাঁর সামনে। যা ভুলিয়ে দেবে আগের সমস্ত ব্যর্থতা। কেরিয়ারের সেরা মুহূর্ত হতে পারে স্কাইয়ের। পারবেন কি ইতিহাস গড়তে?