আজকাল ওয়েবডেস্ক: ট্রফি নেওয়ার জন্য মঞ্চে ওঠার সময় নিজের দু'গালে বারবার চর মারতে দেখা যায় সূর্যকুমার যাদবকে। যেন বিশ্বাসই করতে পারছিলেন না বিশ্বকাপ জিতেছেন। এক মুখ হাসি নিয়ে মঞ্চে ওঠেন। ততক্ষণ হাজির টিম ইন্ডিয়ার বাকি ক্রিকেটাররা। অধিনায়কের অপেক্ষা ছিল। আইসিসি চেয়ারম্যান জয় শাহের হাত থেকে ট্রফি নিতেই শুরু সেলিব্রেশন। তার আগে তাঁকে আলিঙ্গন করেন স্কাই। ফিরে যান দু'বছর আগে। বার্বাডোজে রোহিত শর্মার বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন সূর্যকুমার যাদব। তখন সহ অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। হিটম্যান ছাড়ার পর ব্যাটন যে তাঁর হাতে আসবে, জানতেন না। কিন্তু তৎকালীন বিসিসিআইয়ের সচিব জয় শাহ এবং বিদায়ী অধিনায়ক রোহিত শর্মার পরামর্শে সূর্যকে টি-২০ অধিনায়ক করা হয়। এদিন বিশ্বকাপ জয়ের পর বৃত্ত পূরণ হল স্কাইয়ের।
সূর্য জানান, 'লম্বা যাত্রা। ২০২৪ বিশ্বকাপ জয়ের পর থেকে শুরু। জয় শাহ এবং রোহিত ভাই আমার ওপর আস্থা রাখে। আমাকে দল পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়। সেই থেকে আমার যাত্রা শুরু হয়। শেষপর্যন্ত এখানে চ্যাম্পিয়ন হলাম। গত দু'বছর আমরা ভাল ক্রিকেট খেলছি। আমরা ২০২৪ সালের সেই ধারাবাহিকতা ধরে রাখতে চেয়েছিলাম। সবাই সেটা করতে পেরেছে।' বিশ্বকাপের প্রথম ম্যাচে দলে ছিলেন না সঞ্জু স্যামসন। নামিবিয়ার বিরুদ্ধে খেলেন। আবার জিম্বাবোয়ের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ থেকে দলে ফেরেন। আস্থা রাখা হয় একটানা ব্যর্থতার মধ্যে দিয়ে যাওয়া অভিষেক শর্মার ওপর। ক্রিকেট পণ্ডিতদের অনেকেই ফাইনালে তাঁকে বাদ দেওয়ার পরামর্শ দেন। কিন্তু দলে কোনও পরিবর্তন করা হয়নি। স্কাই জানান, সঞ্জু, অভিষেকের প্রতিভা সম্বন্ধে অবগত ছিলেন। জানতেন, দু'জনেই ম্যাচ উইনার। এই প্রসঙ্গে সূর্য বলেন, 'আমার মনে হয়, দলের প্লেয়ারদের ক্ষমতা জানা উচিত। ওরা কী করতে পারে সেটা জানা উচিত। আমি জানতাম ওদের মধ্যে ম্যাচ উইনার লুকিয়ে আছে। টাইমিং পারফেক্ট ছিল। সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা টপ প্লেয়ার। আমরা জানতাম ওরা বিশেষ কিছু করার ক্ষমতা রাখে। সেটা ফাইনালেই করে দেখাল।'
যশপ্রীত বুমরার প্রশংসায় পঞ্চমুখ সূর্য। তাঁকে জাতীয় সম্পদের অ্যাখ্যা দেন। সূর্য বলেন, 'এক একটা প্রজন্মে বুমরার মতো বোলার একবারই জন্মায়। আমি ওকে জাতীয় সম্পদ বলতে পারি। ও জানে কী করতে হবে। ও সেরা বোলার।' বিশ্বকাপ জয়ের ঘোর থেকে বেরোতে পারেননি সঞ্জু। জানান, এটা বিশ্বাস করতে কিছুটা সময় লাগবে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর সতীর্থদের সঙ্গে লাগামছাড়া সেলিব্রেশনে মাতেন স্কাই। ছিলেন তাঁর স্ত্রীও।
