আজকাল ওয়েবডেস্ক: ওয়াংখেড়েতে ভারতের সামনে ইংল্যান্ড। সেই ম্যাচের বল গড়ানোর আগে ইংল্যান্ডের প্রাক্তন পেসার স্টুয়ার্ট ব্রড কিন্তু সতর্ক করে দিলেন ইংল্যান্ড দলকে। এক ভারতীয় তারকার কথা বললেন যিনি যে কোনও মুহূর্তে ম্যাচের গতিপ্রকৃতি বদলে দিতে পারেন। কে তিনি?
তিনি হার্দিক পাণ্ডিয়া। ভারতের তারকা অলরাউন্ডার। পাওয়ারি হিটিং বা গুরুত্বপূর্ণ সময়ে বোলিং করে পাণ্ডিয়া যে কোনও মুহূর্তে প্রতিপক্ষের কবরে পেরেক পুঁতে দিতে পারেন।
পাণ্ডিয়াকে কীভাবে থামানো সম্ভব? ব্রড বলছেন, '' ''আমি ইংল্যান্ডের পেসার হলে চাইতাম হার্দিক যেন ১২ ওভার নাগাদ ক্রিজে আসে। সেই সময়ে এসেই তো আর চালাবে না। বরং ও সেট হওয়ার চেষ্টা করবে। শেষ চার ওভারে চালিয়ে খেলবে হার্দিক। সেই সুযোগটাই কাজে লাগানোর চেষ্টা করতাম আমি। ওই সময়ের মধ্যেই হার্দিককে আউট করতে হবে, নইলে ও ক্রিজে সেট হয়ে গেলে শেষ চার ওভারে ঝড় তুলবে।''
এখানেই শেষ নয়। ব্রড আরও বলেন, ''ভারত যদি প্রথম দশ ওভারে বড় রান তুলে ফেলে, তাহলে পাণ্ডিয়া আরও আক্রমণাত্মক হয়ে ব্যাটিং করবে। ভাল পারফর্ম করার জন্য ওর মধ্যে একটা ইগো কাজ করে। পাণ্ডিয়া নিজের উপর বিশ্বাস রাখে। মনে মনে ভাবে কাজটা নিঁখুতভাবে করতে পারবে। পাণ্ডিয়া রোগা চেহারার। কিন্তু একশো মিটার দূরে ছক্কা কীভাবে মারে সেটাও অবাক করার মতো ব্যাপার। কিন্তু বিশাল বিশাল সব ছক্কা হাঁকানোর কাজটা খুব সহজ ভাবেই করে হার্দিক।''
এদিকে, ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের হাই-ভোল্টেজ সেমিফাইনালের আগে সূর্যকুমার যাদবদের আগাম হুঁশিয়ারি ইংল্যান্ড অধিনায়কের। হ্যারি ব্রুক স্পষ্ট জানিয়ে দিলেন, চাপের মধ্যে ভাল খেলে তাঁর দল। টি-২০ বিশ্বকাপের শেষ চারে যাত্রা খুব একটা মসৃণ হয়নি থ্রি লায়ন্সদের। নেপাল, স্কটল্যান্ড এবং ইতালির বিরুদ্ধে নড়বড়ে জয়। ওয়েস্ট ইন্ডিজের কাছে হারে ইংল্যান্ড। কিন্তু সুপার এইটে অপরাজিত। শ্রীলঙ্কা, পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপের একনম্বর দল হিসেবে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করে।
ভারতকে হারানোর বিষয়ে আশাবাদী ব্রুক। ইংল্যান্ডের অধিনায়ক মনে করছেন, স্নায়ু ধরে রেখে গুরুত্বপূর্ণ ম্যাচ জিতছে তাঁরা। এটাই তাঁদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। ব্রুক বলেন, ''আমরা কয়েকটা ক্লোজ ম্যাচ জিতেছি। এটা ভাল দলের পরিচয়। আমরা কখনোই ছন্দের বাইরে নেই। আমাদের প্লেয়ারদের চারিত্রিক দৃঢ়তা আছে। জয়ের খিদে আছে। চাপের মধ্যে মাথা ঠাণ্ডা রেখে জয় ছিনিয়ে আনার ক্ষমতা আছে।''
সেমিফাইনালের আগে দলের এই শক্তিকে গুরুত্ব দিচ্ছেন ব্রুক। চলতি বিশ্বকাপে একেবারেই ছন্দে নেই জস বাটলার এবং ফিল সল্ট। কিন্তু সেই নিয়ে ভাবছেন না ইংল্যান্ডের অধিনায়ক। ব্রুক বলেন, ''আমার মনে হয় জস বাটলারকে একা ছেড়ে দেওয়া উচিত। ও এই ফরম্যাটের অন্যতম সেরা প্লেয়ার। যেকোনো সময় ফর্মে ফিরতে পারে। আমাদের প্রথম সাতে একাধিক শক্তিশালী ব্যাটার আছে। তাঁদের মধ্যে একজন ভাল খেললে, প্রতিপক্ষকে মাথা চুলকোতে হবে।''
