আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় বোলিং বিভাগকে একহাত নিলেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হারের পরে ওয়াঘার ওপার থেকে ভেসে আসছে কটাক্ষ। অভিষেক শর্মাকে নিয়ে শুরু থেকেই পড়েছিলেন পাকিস্তানের প্রাক্তন পেসার মহম্মদ আমির। এবার শোয়েব আখতার তুলোধনা করলেন ভারতের দুই তারকা ক্রিকেটারকে। 

শোয়েবের নিশানায় এবার হার্দিক পাণ্ডিয়া ও শিবম দুবে। দুই তারকা বোলার ৬ ওভার হাত ঘুরিয়ে দিয়েছেন ৬৭ রান। তাঁদের ঝুলিতে সংগ্রহ মাত্র একটি উইকেট। শোয়েব মনে করেন এই দুই বোলারের বলে গতি ছিল না। গতির ওভারে তাঁরা কামড় বসাতে পারেননি দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপে। তাঁদের বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা কোনওসময়তেই ভীত-সন্ত্রস্ত ছিলেন না। ফলে ডেথ ওভারে এই দুই বোলারকে কাউন্টার অ্যাটাক করেন প্রোটিয়া ব্যাটাররা।

শোয়েব আখতার বললেন, ''হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবেরা তো আর ম্যালকম মার্শাল নয় যে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং বিভাগকে ভয় দেখাবে। ওদের ডেথ ওভারে বল দিলে তো এরকম কাউন্টার অ্যাটাকই করবে।'' 

সুপার এইটের প্রথম ম্যাচে ভারতের বোলিং বিভাগকে দুর্বল দেখিয়েছে বলে মনে করেন শোয়েব। ভারতের গুরুত্বপূর্ণ বোলারদের বিরুদ্ধে রান তুলেছেন প্রোটিয়া ব্যাটাররা। প্রসঙ্গক্রমে বরুণ চক্রবর্তীর কথা বলেছেন শোয়েব। রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস বলছেন, ''ভারতীয় বোলিং ফাঁস হয়ে গিয়েছে। বরুণ চক্রবর্তীর কথাই দেখা যাক। ওর বলের গতি থাকে ঘণ্টায় ৯৭-৯৮ কিমি। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওর বলের গতি ঘণ্টায় ৯৪ কিমির কাছাকাছি ছিল। বরুণ চক্রবর্তী যখন বল করতে এল তখন ওকে নো লুক ছক্কা মারল ডিওয়াল্ড ব্রেভিস।'' 

দক্ষিণ আফ্রিকার কাছে হারের পরে সুপার এইটের বাকি ম্যাচগুলো ভারতের কাছে কঠিন হয়ে দাঁড়াচ্ছে। বাকি ম্যাচগুলোর জন্য ভারতকে পারমর্শ দিয়ে বলছেন, পরের ম্যাচগুলোয় যেন কুলদীপ যাদবকে খেলানো হয়। কুলদীপকে 'মিসিং লিঙ্ক' বলে উল্লেখ করেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস। শোয়েব বলছেন, ''মিসিং লিঙ্ক হল কুলদীপ। ব্যাটারকে বোকা বানাতে পারে কুলদীপ আর যখন দরকার, তখনই উইকেট তুলতে দক্ষ। কুলদীপ প্রমাণিত ম্যাচ উইনার।'' 

ওয়াশিংটন সুন্দর ও বরুণ চক্রবর্তী প্রায় একই ধরনের বোলার। ফলে ভারতের বোলিং আক্রমণ সম্পর্ক দক্ষিণ আফ্রিকা হয়ে উঠেছিল ওয়াকিবহাল।