আজকাল ওয়েবডেস্ক:ভারতের টি-টোয়েন্টি বিশ্বজয়ে গোটা দুনিয়া যখন ধন্য ধন্য করছে, তখন বিতর্কিত মন্তব্য করে বসলেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। বলে দিলেন, ভারতের এই উত্থান কিন্তু ক্রিকেটকে ধ্বংস করে দিল। 

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত একতরফা ফাইনালে একপ্রকার উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে। ৯৬ রানে জিতে ভারত তৃতীয় বার টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলল। ভারতের এই দুরন্ত জয় নিয়ে সবাই যখন প্রশংসা করছেন তখন শোয়েব ছিটিয়ে দিলেন নুনের ছিটে। বললেন, ভারত হল বড়লোকের বাচ্চা। প্রতিবেশীদের খেলায় আধিপত্য বিস্তার করছে। 

শোয়েব বলছেন, ''পাড়ায় যদি একটা বড়লোকের বাচ্চা থাকে, সে গরিব বাচ্চাদের বলে, এসো ক্রিকেট খেলি। ভারতও ঠিক সেই কাজটাই করছে। আটটা দলের মধ্যে চারটে দলকে সঙ্গে নিয়ে চলছে। সেই চারটি দলের মধ্যে থেকে আবার তিনটি দলকে নিয়ে চলছে। এভাবেই এগিয়ে চলেছে। তার পরে বলছে, আমরাই জিতেছি। এভাবেই ক্রিকেটকে একেবারে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।'' 

শোয়েব আখতারের এহেন মন্তব্যের পরে শুরু হয়েছে বিতর্কের ঝড়। সোশ্যাল মিডিয়ায় চলছে রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসের মুণ্ডপাত। ফাইনালের আগে এই শোয়েবকেই বলতে শোনা গিয়েছিল, ক্রিকেটের স্বার্থে ফাইনাল জেতা উচিত নিউজিল্যান্ডের। কিন্তু ঠান্ডা ঘরে বসে ভবিষ্যদ্বাণী করা যায়। খেলা তো হবে মাঠে। সেখানে নির্দিষ্ট দিনে যে দল ভাল খেলবে, সেই দলই জিতবে। 

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই পাকিস্তানের ক্রিকেটাররা ভারত বিরোধী মন্তব্য করে আসছিলেন। সব থেকে বেশি সোচ্চার হয়েছিলেন মহম্মদ আমির। ভারতের বিশ্বজয়ের পরে শোয়েব আখতারও সেই একই পথ নিলেন। বলে দিলেন ভারত ক্রিকেটটাকেই ধ্বংস করছে।