আজকাল ওয়েবডেস্ক: জিম্বাবোয়ে ম্যাচে রিঙ্কু সিংকে পাওয়া যাবে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠেছিল। টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ সিতাংশু কোটাক জানালেন, বুধবার বিকেলের মধ্যে দলের সঙ্গে যোগ দেবেন তারকা ক্রিকেটার। অর্থাৎ, জিম্বাবোয়ে ম্যাচে পাওয়া যাবে রিঙ্কুকে। জিম্বাবোয়ে ম্যাচের আগে বুধবার চেন্নাইয়ে সাংবাদিক সম্মেলনে সিতাংশু কোটাক বলেন, 'রিঙ্কু সিং বিকেলের মধ্যে দলের সঙ্গে যোগ দেবে। ওর বাবার অসুস্থতার জন্য বাড়ি ফিরে গিয়েছিল।' মঙ্গলবার রিঙ্কুর ফিরে যাওয়ার কথা জানা যায়। বোর্ডের পক্ষ থেকে কিছু জানানো না হলেও, সূত্রের খবর অনুযায়ী, পরিবারে মেডিক্যাল ইমার্জেন্সির জন্য বাড়ি ফিরে গিয়েছিলেন কেকেআরের ফিনিশার।
মঙ্গলবার চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে প্র্যাকটিসে যোগ দেননি রিঙ্কু। বাকিরা উপস্থিত ছিলেন। তারকা ক্রিকেটারের বাবা খানচাঁদ সিং দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। অবস্থা সঙ্কটজনক। সেই কারণে আচমকা ফিরতে হয় তাঁকে। রিঙ্কু হঠাৎ ফিরে যাওয়ায় তাঁর জিম্বাবোয়ে ম্যাচে খেলা নিয়ে সংশয় তৈরি হয়। কিন্তু পরিবারের সঙ্গে মাত্র একদিন কাটিয়েই ফিরে আসেন। গত এক বছর ধরে রিঙ্কুর বাবার ক্যান্সারের চিকিৎসা চলছিল। লিভার ক্যান্সারের চতুর্থ স্টেজ। গত কয়েকদিনে অবস্থার অবনতি হয়। বর্তমানে ভেন্টিলেশনে আছেন। এই সময় পরিবারের পাশে থাকতে বাড়ি ফিরে যান। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা থেকে চিদম্বরম স্টেডিয়ামে প্র্যাকটিস করে টিম ইন্ডিয়া। কিন্তু ছিলেন না রিঙ্কু। এই নিয়ে বিসিসিআইয়ের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
চলতি টি-২০ বিশ্বকাপের প্রত্যেক ম্যাচে খেলছেন কেকেআরের তারকা। কিন্তু তেমন সুবিধা করতে পারেননি। ৫ ইনিংসে মাত্র ২৪ রান করেন। গড় ৮। আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শূন্য করেন রিঙ্কু। দিল্লিতে নেদারল্যান্ডের বিরুদ্ধে ৬ রান করেন। পাকিস্তানের বিরুদ্ধে ১১ রান করেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং নামিবিয়ার বিরুদ্ধে যথাক্রমে ৬ ও ১ রান। জিম্বাবোয়ের বিরুদ্ধে সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে চাইবেন। রিঙ্কু ফিরে যাওয়ায় বিকল্প ব্যবস্থা ভাবতে শুরু করেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু সেই প্রয়োজন আর পড়বে না।
